রাজধানীর মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা: শাহে আলম

by hsnalmahmud@gmail.com

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, ঢাকার প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা বা ই-রিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে না। তবে রাজধানীর অভ্যন্তরীণ সড়কগুলোতে ৮টি জোন নির্ধারণ করে এসব যানবাহন চলাচলের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি।

রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহদা বিন ওসমানের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খানের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন
banner

ই-রিকশার চলাচল ও নিবন্ধন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, ‘মূল সড়কে ই-রিকশা আমরা চলতে দেব না। ৮টি জোন করে অভ্যন্তরীণ সড়কগুলোতে তাদের চলাচলের ব্যবস্থা করা হবে। এটি ৩টি ভাগে বিভক্ত থাকবে’।

তিনি জানান, ঢাকায় যেসব ই-রিকশাকে লাইসেন্স বা নিবন্ধন দেওয়া হবে, সেগুলোর যাত্রী ধারণক্ষমতা হবে দুই অথবা চারজন। ছয়জন যাত্রী বহন করতে সক্ষম কোনো ই-রিকশাকে ঢাকা সিটি করপোরেশনের নিবন্ধনের আওতায় আনা হবে না।

তবে গ্রামীণ এলাকা ও জেলা শহরের গ্রামীণ সড়কগুলোতে দুই, চার ও ছয় যাত্রী ধারণক্ষমতার ই-রিকশা নিবন্ধনের সুযোগ থাকবে বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, নিবন্ধনের জন্য ই-রিকশাগুলোকে অবশ্যই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অথবা অন্যকোনো প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত নকশা অনুযায়ী তৈরি হতে হবে। অনুমোদিত নকশা অনুযায়ী নির্মিত যানবাহনই নিবন্ধনের আওতায় আসবে।

ই-রিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে জানিয়ে মীর শাহে আলম বলেন, নীতিমালাটি শিগগিরই আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। ভেটিং শেষে এক সপ্তাহের মধ্যে অথবা পরের সপ্তাহেই নীতিমালাটি জারি করা হতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, আইন অনুযায়ী নীতিমালা জারি হলে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ই-রিকশা ও বৈদ্যুতিক রিকশাগুলোকে একটি সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ কাঠামোর মধ্যে আনা সম্ভব হবে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222