ইরান নতুন একটি ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। যা প্রায় ১৭০০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র প্রদর্শনের এই অনুষ্ঠানে প্রেসিডেন্ট মাসুদ পিজেশকিয়ান উপস্থিত ছিলেন।
এএফপির সূত্রে সৌদি আরবভিত্তিক সংবাদ মাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, রবিবার সরকারি টেলিভিশন ‘ইতিমাদ’ নামের এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে। প্রতিবেদন থেকে জানা যায়, ইরান জানিয়েছে, এটি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তৈরি সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর সর্বোচ্চ সক্ষমতা ১৭০০ কিলোমিটার।
এদিকে পশ্চিমা দেশগুলো ইতোমধ্যে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে অগ্রগতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা অভিযোগ করেছে, এটি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নষ্ট করতে পারে।
ইরানের নতুন ডিজাইনের ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য অস্ত্র ইসরাইল পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা রাখে। গত বছর ইরান দুইবার ইসরাইলে হামলা চালিয়েছিল।
ইরানের প্রেসিডেন্ট পিজেশকিয়ান এক টেলিভিশন ভাষণে বলেছেন, আমাদের প্রতিরক্ষা সক্ষমতা ও মহাকাশ প্রযুক্তির উন্নয়নের লক্ষ্য হলো, এটা নিশ্চিত করা, কোনো দেশ যেন ইরানের ভূখণ্ডে হামলা চালানোর সাহস না পায়।
ক্ষেপনাস্ত্র প্রদর্শনের অনুষ্ঠানটি ইরানের বিমান বাহিনীর জাতীয় দিবস এবং ১০ ফেব্রুয়ারি ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ৪৬ তম বার্ষিকীর কয়েকদিন আগে অনুষ্ঠিত হল।
প্রসঙ্গত, ইসলামি বিপ্লবের পর ও ইরাক-ইরান যুদ্ধের সময় থেকে বেশ কয়েকবার ইরানের ওপর আন্তর্জাতিক মহল থেকে অস্ত্র নিষেধাজ্ঞা ছিল। এরপর ইরান নিজেই অস্ত্র উৎপাদনে জোর দিয়েছে। বর্তমানে দেশটির নিজস্ব উৎপাদিত অস্ত্রের বিশাল মজুদ রয়েছে, যার মধ্যে রয়েছে ক্ষেপনাস্ত্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও আধুনিক ড্রোন প্রযুক্তি।
সূত্র: আল-আরাবিয়া
ভাষান্তর: আমিরুল ইসলাম লুকমান
এনএ/
