অকৃতকার্য ও অনুপস্থিতদের তাকমীল পরীক্ষার নিবন্ধন শুরু ৪ আগস্ট থেকে

by hsnalmahmud@gmail.com

নিজস্ব প্রতিবেদক:: আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের অধীনে আগামী ২০২৭ সালের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার অনলাইন নিবন্ধন কার্যক্রমের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৪ আগস্ট ২০২৬ ঈসাব্দ (২০ সফর ১৪৪৮ হিজরী) থেকে এই নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত পরীক্ষাগুলোতে অকৃতকার্য ও অনুপস্থিত থাকা পরীক্ষার্থীরা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ‘অনিয়মিত পরীক্ষার্থী’ হিসেবে এই নিবন্ধনের সুযোগ পাবেন।

বিজ্ঞাপন
banner

কারা পাবেন এই সুযোগ:

অকৃতকার্য শিক্ষার্থী: ২০২৫ ও ২০২৬ সালের দাওরায়ে হাদীস পরীক্ষায় সর্বোচ্চ ৪টি কিতাবে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা শুধু ওই কিতাবগুলোর পরীক্ষা দিতে পারবেন। তবে ৪টির বেশি কিতাবে অকৃতকার্য হলে সব কিতাবের পরীক্ষা দিতে হবে।

অনুপস্থিত শিক্ষার্থী: গত দুই বছর (২০২৫ ও ২০২৬) দাওরায়ে হাদীস পরীক্ষায় যে কিতাবগুলোতে অনুপস্থিত ছিলেন, শিক্ষার্থীরা শুধু সেগুলোর পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।

মানোন্নয়ন ও অন্যান্য: গত দুই বছরে উত্তীর্ণ হওয়া পরীক্ষার্থীরা চাইলে সব কিতাবে মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবেন। এ ছাড়া ২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত ফযীলত (মেশকাত) পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু দাওরায়ে হাদীস পরীক্ষায় অংশ না নেওয়া শিক্ষার্থীরা এবং ভারতের দারুল উলূম দেওবন্দ বা বিদেশের সমমানের প্রতিষ্ঠান থেকে ফযীলত বা দাওরায়ে হাদীস উত্তীর্ণরাও আবেদন করতে পারবেন।

প্রয়োজনীয় শর্ত ও ফি:
বিদেশের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ পরীক্ষার্থীদের আবেদনের সময় তাঁদের মূল ‘সনদ’ বা ‘নম্বরপত্র’ এবং আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান বরাবর করা দরখাস্তের অনুলিপি অনলাইনে জমা দিতে হবে। তবে ২০২৬ সালের দাওরায়ে হাদীস পরীক্ষায় যাদের ‘যবত’ (বহিষ্কার/শাস্তি) করা হয়েছে, তারা ২০২৭ সালের পরীক্ষায় নিবন্ধনের সুযোগ পাবেন না।

অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য সাধারণ নিবন্ধন ফি ৮০০ টাকা এবং বিলম্ব ফি ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নিবন্ধনের সময়সীমা:
আগামী ২০ সফর থেকে শুরু হয়ে ২৯ রবীউল আউওয়াল ১৪৪৮ হিজরী পর্যন্ত নিবন্ধন প্রক্রিয়া চলবে। এর মধ্যে ২০ সফর থেকে ১৯ রবীউল আউওয়াল পর্যন্ত সাধারণ সময় এবং ২০ রবীউল আউওয়াল থেকে ২৯ রবীউল আউওয়াল পর্যন্ত বিলম্ব ফিসহ বর্ধিত সময় হিসেবে গণ্য হবে।

আগ্রহী পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ মাদরাসার দায়িত্বশীলদের মাধ্যমে অনলাইনে এই নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছে হাইআতুল উলয়া কর্তৃপক্ষ।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222