অপরাধে জিরো টলারেন্স ও অপপ্রচারে কঠোর অবস্থানে সচেতন আলেম সমাজ

by hsnalmahmud@gmail.com

নিজস্ব প্রতিবেদক:: কওমি মাদরাসাকে ঘিরে সাম্প্রতিক বিভিন্ন ঘটনা, সামাজিক উদ্বেগ এবং পরিকল্পিত অপপ্রচারের প্রেক্ষাপটে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের আলেম, মাদরাসা-সংশ্লিষ্ট ব্যক্তিত্ব ও গবেষকরা মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৮টায় জামিয়াতুল উস্তাজ শহীদুল্লাহ ফজলুল বারী মোঃপুর ঢাকায় সচেতন আলেম সমাজের ব্যানারে সংকটের কবলে মাদ্রাসা শিক্ষা উত্তরণের উপায় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে—কওমি মাদরাসায় সংঘটিত যেকোনো অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে থাকবে জিরো টলারেন্স। একই সঙ্গে বিচ্ছিন্ন ঘটনাকে পুঁজি করে পুরো মাদরাসা শিক্ষা ও আলেম সমাজকে হেয় করার অপচেষ্টারও প্রতিবাদ জানানো হয়েছে।

সভায় বক্তারা বলেন, কোনো অপরাধীকে আড়াল করার সুযোগ নেই। অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মাদরাসার ভেতরে নৈতিক শিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষক নিবন্ধন, প্রশাসনিক জবাবদিহি এবং কার্যকর মনিটরিং ব্যবস্থা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিজ্ঞাপন
banner

বক্তারা বলেন, কওমি মাদরাসার অধিকাংশ শিক্ষক-শিক্ষার্থী সৎ ও আদর্শিক জীবনযাপন করলেও বিচ্ছিন্ন কিছু ঘটনা পুরো অঙ্গনের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তাই আত্মসমালোচনার মাধ্যমে দুর্বলতাগুলো চিহ্নিত করে বাস্তবসম্মত সংস্কার উদ্যোগ গ্রহণের বিকল্প নেই।

এ সময় বক্তারা আরও অভিযোগ করেন, কিছু মহল বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কওমি মাদরাসা ও আলেম সমাজের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। অনেক ক্ষেত্রে যাচাই-বাছাই ছাড়াই বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে নির্দোষ আলেম ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টাও করা হচ্ছে। তাই প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত, তথ্য-যাচাই এবং দায়িত্বশীল সংবাদ প্রকাশের আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে—যেকোনো ঘটনার তথ্য-যাচাই বা ফ্যাক্ট-চেকিংয়ের উদ্যোগ, নৈতিক শিক্ষা জোরদার, কেন্দ্রীয় আলেমদের কাছে সংস্কার প্রস্তাব উপস্থাপন, অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, গবেষণা ও পরিসংখ্যান সংরক্ষণ এবং অপপ্রচারের বিরুদ্ধে তথ্যভিত্তিক জবাব তৈরির উদ্যোগ।

বক্তারা বলেন, অপরাধকে কখনোই ধর্ম বা ইসলামের পরিচয় হিসেবে উপস্থাপন করা উচিত নয়; অপরাধকে শুধু অপরাধ হিসেবেই দেখতে হবে। একই সঙ্গে রাষ্ট্র, গণমাধ্যম এবং সমাজের সকল দায়িত্বশীল মহলের প্রতি সত্যনিষ্ঠ, ভারসাম্যপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

সভার সমাপনীতে সচেতন আলেম সমাজের পক্ষ থেকে জানানো হয়, এটি কোনো একদিনের আলোচনা নয়; বরং দীর্ঘমেয়াদে মাদরাসা শিক্ষার মানোন্নয়ন, নৈতিক পরিবেশ নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপরাধ ও অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ চলবে। অপরাধীদের প্রতি জিরো টলারেন্স এবং মাদরাসা শিক্ষার ইতিবাচক সংস্কার—এই দুই লক্ষ্য নিয়েই ভবিষ্যতের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
মুফতী আবু মুহাম্মাদ রাহমানী, মাওলানা আফম আকরাম হুসাইনের সঞ্চালনা এবং মাওলানা মুহিউদ্দীন ফারুকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মাওলানা শফিকুল ইসলাম ইমদাদী।

মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাওলানা তাহমিদুল মাওলা, মাওলানা রুহুল আমীন সাদী, মাওলানা আবদুল গাফফার, মাওলানা মুহাম্মাদ আরাফাত, মাওলানা আদনান মাসউদ, মাওলানা আফফান বিন শরফুদ্দীন, মাওলানা আরিফুল্লাহ কাসেমী, মাওলানা আইনুল হক কাসেমী, মাওলানা হাবীবুল্লাহ সিরাজ, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা নাছির মুহাম্মাদ, মাওলানা রাকিবুল ইসলাম রঈস, মাওলানা সাবের চৌধুরী, আবু নাঈম ফয়জুল্লাহ প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222