রাবি সায়েন্স ক্লাবের উদ্যোগে দুই শতাধিক চারা বিতরণ ও রোপণ

by Abid vs36

মো. রেজওয়ান, রাবি প্রতিনিধি: পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সামাজিক দায়িত্ববোধ তৈরির লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের (আরইউএসসি) উদ্যোগে ‘RUSC Tree Plantation Drive 2026’ শিরোনামে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির আওতায় মোট দুই শতাধিক ফলদ, বনজ, ভেষজ ও শোভাবর্ধনকারী চারা বিতরণ ও রোপণ করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) সকাল ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরইউএসসি কার্যালয়সংলগ্ন এলাকায় একটি গাছের চারা রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।

বিজ্ঞাপন
banner

ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এহসানুল হক দিনারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি খালিদ মাহমুদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. এ এইচ এম খুরশীদ আলম এবং ক্লাবের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সভাপতি মো. আব্দুল লতিফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এই কর্মসূচির অংশ হিসেবে একই দিনে রাজশাহীর বিসিএসআইআর ল্যাবরেটরি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণেও একটি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। সেখানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দুই শতাধিক চারাগাছ বিতরণ করা হয় এবং প্রাঙ্গণের বিভিন্ন উপযুক্ত স্থানে চারাগুলো রোপণ করা হয়। আয়োজকরা জানান, রোপণ ও বিতরণের জন্য চারা নির্বাচনের ক্ষেত্রে পরিবেশের ভারসাম্য এবং স্থানীয় আবহাওয়া ও প্রেক্ষাপটকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

কর্মসূচি সম্পর্কে ক্লাবের সভাপতি খালিদ মাহমুদ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব নিয়মিতভাবে বিজ্ঞানচর্চার পাশাপাশি পরিবেশ ও সমাজসংশ্লিষ্ট বিভিন্ন ইতিবাচক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এই বৃক্ষরোপণ কর্মসূচির মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মাঝে প্রকৃতি ও পরিবেশ সচেতনতা বাড়ানো এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে গাছের অপরিহার্য গুরুত্ব সম্পর্কে টেকসই বার্তা ছড়িয়ে দেওয়া।

অনুষ্ঠানে বিসিএসআইআর ল্যাবরেটরি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল জলিল সন্তোষ প্রকাশ করে বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পরিবেশের প্রতি দায়িত্ববোধ ও প্রকৃতিপ্রেম জাগ্রত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকরী। রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের এই মহৎ উদ্যোগকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই।

কর্মসূচিতে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, নিজ হাতে গাছ রোপণের জন্য চারা পেয়ে তাদের ভীষণ ভালো লাগছে। তারা প্রত্যেকে নিজ দায়িত্বে এই গাছের নিয়মিত যত্ন নেবে এবং গাছটিকে সুস্থভাবে বেড়ে তুলতে সচেষ্ট থাকবে।

দিনব্যাপী এই আয়োজনে ক্লাবের সহসভাপতি মো. আবু জুবায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন খন্দকার ইমন, কোষাধ্যক্ষ সুলাইমান, সাংগঠনিক সম্পাদক সাদিয়া জামিল দিয়া ও মাশরাফি জামান চৌধুরীসহ সংগঠনের অন্যান্য কার্যনির্বাহী সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটির সার্বিক দায়িত্ব পালন করেন কর্মসূচির আহ্বায়ক তথা ক্লাবের মিডিয়া সম্পাদক সোহান আহমেদ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বিজ্ঞান ও প্রযুক্তির প্রচারের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির এই ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখবে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222