আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে আরও শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের তালিকায় পারুন শহরের মেয়র এবং তার দুই দেহরক্ষীও রয়েছেন বলে কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। সময়ের সাথে সাথে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সময় সোমবার (২০ জুলাই) শুরু হওয়া এই ভয়াবহ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রদেশের রাজধানী পারুন। আফগানিস্তানের তালেবান সরকারের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, পাহাড়ি ঢল ও প্রবল স্রোতে বহু ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় আরও অন্তত ৮০ জন গুরুতর আহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও অনুসন্ধান অভিযান জোরদার করা হয়েছে। তবে বানের পানিতে অধিকাংশ রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় এবং দুর্গম পাহাড়ি ভূখণ্ডের কারণে উদ্ধারকর্মীরা দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছাতে ব্যাপক বাধার সম্মুখীন হচ্ছেন। উদ্ধারকারী সংস্থাগুলো সংশ্লিষ্ট এলাকায় বড় ধরনের মানবিক ও আর্থিক ক্ষয়ক্ষতির আশঙ্কার কথা জানিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকির মুখে থাকা আফগানিস্তানে সাম্প্রতিক বছরগুলোতে আবহাওয়াজনিত দুর্যোগের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিশেষ করে নুরিস্তানসহ বিভিন্ন প্রদেশে অনিয়ন্ত্রিতভাবে বন উজাড়ের কারণে ভারী বৃষ্টির পানি মাটিতে স্বাভাবিকভাবে শোষিত হতে পারছে না। ফলে দ্রুত গতিতে পাহাড়ি ঢল নেমে আকস্মিক বন্যার সৃষ্টি হচ্ছে এবং প্রাণহানির আশঙ্কা বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। বর্তমানে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন।
টিএইচএ/
