সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ ও ভ্রমণবিষয়ক কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলার একটি ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে অনলাইন মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। গত মঙ্গলবার রাতে ইতালির রাজধানী রোমের তরপিনাতারা আবাসিক এলাকার একটি সড়কে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওচিত্র বিশ্লেষণ করে দেখা যায়, রাতের বেলায় এক ব্যক্তি বনি আমিনকে জাপটে ধরে আক্রমণাত্মক আচরণ করছেন। বনি আমিন নিজেকে ছাড়িয়ে নিয়ে সড়ক দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে কয়েকজন তাকে ধাওয়া করেন। একপর্যায়ে সড়কে পার্ক করে রাখা একটি গাড়ির সামনে তাকে ফেলে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
ঘটনার সময় হামলাকারীদের বাংলায় চিৎকার ও গালাগাল করতে শোনা যায়। তাদের কথোপকথনে স্পষ্ট বাংলাদেশি আঞ্চলিক ভাষার টান লক্ষ করা গেছে। এছাড়া ভিডিওতে হামলাকারীদের বনি আমিনকে বারবার ‘মৌলবাদী’ বলে সম্বোধন করতে এবং একে অন্যকে হামলার জন্য উসকানি দিতে দেখা যায়।
ঘটনাটি রোমে ঘটেছে বলে শনাক্ত করা গেলেও হামলার সুনির্দিষ্ট কারণ এবং হামলাকারীদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি নিয়ে নানা ধরনের দাবি উঠলেও সেগুলোর কোনোটিই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এমনকি ঘটনার সময় বনি আমিন মদ্যপ ছিলেন কি না কিংবা রাজনৈতিক মতভিন্নতার জের ধরে এই হামলা চালানো হয়েছে কি না, সে বিষয়েও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, বাংলাদেশি বংশোদ্ভূত বনি আমিন মূলত অস্ট্রেলিয়ার নাগরিক। নোয়াখালীর হাতিয়া উপজেলায় জন্ম নেওয়া এই কনটেন্ট নির্মাতা বিশ্বের ৮০টির বেশি দেশ ভ্রমণের অভিজ্ঞতা নিয়মিত ফেসবুকে শেয়ার করে ব্যাপক পরিচিতি পান। ভ্রমণের পাশাপাশি তিনি সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বিষয়েও নিয়মিত মতামত প্রকাশ করে থাকেন। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং নেটিজেনরা তীব্র নিন্দা প্রকাশ করেছেন। একইসঙ্গে ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।
টিএইচএ/
