বারবার প্রশ্নফাঁস, তবু কোনো জবাবদিহি নেই: সাবেক বিজেপি নেতা

by Fatih Work

বারবার পরীক্ষা বিতর্ক ও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে ভারত সরকারের নীতি ও ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন সাবেক বিজেপি নেতা কে. আন্নামালাই। একাধিকবার দেশের বড় বড় পরীক্ষায় প্রশ্নফাঁসের মতো কেলেঙ্কারী ঘটার পরও কেন্দ্র সরকারের কেন কোনো দায়বদ্ধতা নেই, তা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন তিনি।

বর্তমানে ‘উই দ্য লিডার্স’ আন্দোলনের নেতৃত্ব দেওয়া আন্নামালাই দেশজুড়ে শিক্ষার্থীদের ক্ষোভ ও বিক্ষোভের মুখে কেন্দ্রীয় সরকারের দীর্ঘ নীরবতা ও ধীরগতির পদক্ষেপের কঠোর সমালোচনা করেন। আন্নামালাই প্রশ্ন তুলে বলেন, বিক্ষোভ যখন চরম আকার ধারণ করে সংকটজনক পর্যায়ে পৌঁছাল, তখনই কেন অর্থবহ আলোচনার উদ্যোগ নেওয়া হলো? এতদিন সিদ্ধান্ত নিতে কীসের এত বিলম্ব ছিল?

বিজ্ঞাপন
banner

নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি জানান, ব্যক্তিগতভাবে তিনি বরাবরই মেডিকেলের নিট (NEET) পরীক্ষার পক্ষে ছিলেন, কারণ এটি প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ তৈরি করে বলে তিনি বিশ্বাস করতেন। তবে গত পাঁচ বছরে তিনবার নিট-ইউজি’র প্রশ্নফাঁসের ঘটনা প্রমাণ করে যে বিদ্যমান ব্যবস্থার ভেতরে গুরুতর ত্রুটি রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, কর্তৃপক্ষের জবাবদিহিতা না থাকায় শিক্ষার্থীরা চরম হতাশা ও ক্ষোভ থেকে বাধ্য হয়ে রাস্তায় নেমে এসেছে। তাই বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকে শিক্ষার্থীদের সাথে অনতিবিলম্বে স্বচ্ছ আলোচনায় বসার এবং দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওপর হারানো আস্থা ফিরিয়ে আনার জোর তাগিদ জানান এই সাবেক বিজেপি নেতা।

একই সাথে আন্দোলনরত ছাত্র নেতাদের সতর্ক করে দিয়ে আন্নামালাই পরামর্শ দেন, তারা যেন সচেতন থাকেন। কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী যেন নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে শিক্ষার্থীদের এই আবেগময় আন্দোলনকে নিজেদের এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222