বিশ্বকাপ ফাইনাল চলাকালে আর্জেন্টিনায় ২ জনের মৃত্যু

by Abid vs36

আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ ফাইনাল ম্যাচের উত্তেজনা সহ্য করতে না পেরে আর্জেন্টিনায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে দুই ফুটবল ভক্তের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও একজন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়া সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস দেশটির জরুরি চিকিৎসা সহায়তা সংস্থার বরাত দিয়ে রোববার এই তথ্য নিশ্চিত করেছে।

চিকিৎসা সহায়তা সংস্থা জানায়, নিহত দুজনই আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের বাসিন্দা। তাদের একজনের বয়স ৬৭ বছর এবং অন্যজনের বয়স ৮৮ বছর। এছাড়া ৭২ বছর বয়সী আরেক ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর লড়াই লড়ছেন। জরুরি সেবা বিভাগ জানায়, ৬৭ বছর বয়সী ওই ব্যক্তি খেলা চলাকালীন নিজ বাসায় আকস্মিক হৃদ্‌রোগে আক্রান্ত হন। চিকিৎসাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) দিলেও শেষ রক্ষা হয়নি। অন্যদিকে, ৮৮ বছর বয়সী অপর এক বৃদ্ধ শ্বাসকষ্ট ও হৃদ্‌রোগজনিত উপসর্গে আক্রান্ত হলে তার মেয়ে জরুরি সেবায় খবর দেন। চিকিৎসাকর্মীরা তাকে সিপিআর দিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যান, যেখানে প্রায় পাঁচ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭২ বছর বয়সী অপর ব্যক্তিকে সন্ধ্যা ৬টা ২২ মিনিটের দিকে তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে আলভারেজ হাসপাতালে আনা হয়, বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন।

বিজ্ঞাপন
banner

এদিকে বিশ্বকাপ ফাইনালকে ঘিরে বুয়েনস আইরেসের ঐতিহাসিক ওবেলিস্ক এলাকায় ফুটবল ভক্তদের উদ্‌যাপনের সময় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। জনাকীর্ণ লাভাল্লে সড়ক ও ৯ দে হুলিও অ্যাভিনিউয়ের সংযোগস্থলে উদ্‌যাপন করার সময় ৪৭ বছর বয়সী এক ব্যক্তি প্রায় চার মিটার উঁচু থেকে নিচে পড়ে যান। এতে তার বাঁ পা ভেঙে স্থানচ্যুত হয়ে যায় এবং তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া শহরের বিভিন্ন স্থানে মদ্যপানের কারণে অসুস্থতা, অতি-উচ্ছ্বাসে কাটাছেঁড়া ও মারামারির ঘটনায় মুখ ও নাকে আঘাত পাওয়ার একাধিক অনাকাঙ্ক্ষিত ঘটনা নথিভুক্ত করেছে স্থানীয় প্রশাসন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222