আন্তর্জাতিক ডেস্ক:: কৃষি ও প্রাণিসম্পদ খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে একটি সরকারি প্রতিনিধিদল নিয়ে ভারত সফর করেছেন আফগানিস্তানের কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রী আতাউল্লাহ ওমারি। মঙ্গলবার (৭ জুলাই) আফগান সংবাদমাধ্যম আরিয়ানা নিউজ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
আফগান কৃষি মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এই সফরের মূল লক্ষ্য হলো কৃষি, সেচ ও পশুপালন খাতে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণ করা। সেই সঙ্গে কৃষি বাণিজ্য বৃদ্ধি এবং পারস্পরিক বিশেষজ্ঞ জ্ঞান বিনিময়কে উৎসাহিত করাও এই সফরের অন্যতম উদ্দেশ্য। আফগান কর্মকর্তারা আধুনিক কৃষি ও পশুপালনের উন্নয়নে ভারতের দীর্ঘ অভিজ্ঞতা এবং প্রযুক্তিগত অগ্রগতি থেকে উপকৃত হওয়ার আশা প্রকাশ করেছেন।
সফরকালে আফগানিস্তানের কৃষিমন্ত্রী আতাউল্লাহ ওমারি ভারতের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বেসরকারি খাতের অংশীজনদের সঙ্গে বিশেষ বৈঠকে মিলিত হবেন বলে আশা করা হচ্ছে।
দ্বিপাক্ষিক এই আলোচনাগুলোতে মূলত দ্বিপাক্ষিক কৃষি সহযোগিতা বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির প্রচলন, প্রাণিসম্পদ খাতকে শক্তিশালী করা এবং দুই দেশের মধ্যে কৃষি পণ্যের আমদানি-রপ্তানি বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
আফগান প্রতিনিধিদলটি কেবল বৈঠকের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। ভারতের সফল ও আধুনিক কৃষি পদ্ধতি, উন্নত সেচ ব্যবস্থা এবং পশুপালন ক্ষেত্রের অগ্রগতি সম্পর্কে সরাসরি বাস্তব ধারণা লাভের জন্য তাঁরা দেশটির বিভিন্ন অঞ্চলের কৃষি প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্পগুলো মাঠপর্যায়ে পরিদর্শন করবেন।
বিশ্লেষকরা মনে করছেন, এই সফরের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার এই দুই দেশের মধ্যে কৃষিভিত্তিক বাণিজ্যিক ও প্রযুক্তিগত সম্পর্কের একটি নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।
