বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মামুনুল হকের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের রাজনৈতিক শাখার প্রধান ও ফার্স্ট সেক্রেটারি মি. কোমিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে।
আজ রোববার (২ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরে আমীরে মজলিসের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও জাপানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। দুই দেশের সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ, উন্নয়ন কার্যক্রম, শিক্ষা এবং মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্র স্থান পায় এ আলোচনায়।
বৈঠকে আল্লামা মামুনুল হক বাংলাদেশে জাপানের দীর্ঘদিনের বন্ধুসুলভ উন্নয়ন সহযোগিতা এবং জাইকার (JICA) অর্থায়নে বাস্তবায়নাধীন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পগুলোর ভূয়সী প্রশংসা করেন। তিনি মন্তব্য করেন, “এসব মেগা প্রকল্প বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও আঞ্চলিক যোগাযোগব্যবস্থাকে সুদৃঢ় করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
কওমি শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতার বিষয়ে আলোচনা
বৈঠকে দেশের কওমি মাদ্রাসার প্রাতিষ্ঠানিক অবকাঠামো উন্নয়ন, ধর্মীয় ও প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ গঠন এবং শিক্ষা খাতে সম্ভাব্য পারস্পরিক সহযোগিতার বিষয়ে উভয় পক্ষই ইতিবাচক মতবিনিময় করেন। ভবিষ্যতে এ বিষয়ে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখার জোরালো প্রত্যাশা প্রকাশ করা হয়।
বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিসের পররাষ্ট্রবিষয়ক সচিব ফারিদ খানসহ উভয় পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
