হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফীর (রহ.) কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বিকেলে ঐতিহাসিক হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসা প্রাঙ্গণে পৌঁছানোর পর তিনি বরেণ্য এই আধ্যাত্মিক ব্যক্তিত্বের কবর জিয়ারত করেন।
মাদরাসা প্রাঙ্গণে পৌঁছে প্রধানমন্ত্রী মরহুমের কবরের পাশে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন এবং তার রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা এ টি এম শামসুল ইসলাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ মাওলানা খলিল আহমদ কুরেশীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শীর্ষস্থানীয় আলেমগণ।
কবর জিয়ারত ও মোনাজাত শেষে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা খলিল আহমদ কুরেশী প্রধানমন্ত্রীকে প্রতিষ্ঠানটির দ্বিতীয় তলায় নিয়ে যান। সেখানে দেশের শীর্ষস্থানীয় আলেমদের সঙ্গে এক সৌজন্য বৈঠকে মিলিত হন সরকারপ্রধান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরে দিনব্যাপী সফল সফর শেষে মাদ্রাসা প্রাঙ্গণ ত্যাগ করার সময় মাঠের চারপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা শত শত শিক্ষার্থী প্রধানমন্ত্রীকে উষ্ণ শুভেচ্ছা জানান। এ সময় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাদের দিকে এগিয়ে যান, শিক্ষার্থীদের সঙ্গে করমর্দন করেন এবং তাদের শুভেচ্ছার জবাব দিয়ে স্নেহের পরশ বুলিয়ে দেন।
টিএইচএ/
