পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক দিক বিবেচনা করে বিভিন্ন কারাগারে দণ্ডপ্রাপ্ত ৫ জন কয়েদির অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করেছেন রাষ্ট্রপতি।
রোববার (১৫ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সংবিধানের ৪৯ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই সাজা মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, যেসব কয়েদি তাদের মূল সাজার একটি বড় অংশ ইতোমধ্যে ভোগ করেছেন এবং কারাগারে থাকাকালীন যাদের আচরণ সন্তোষজনক ছিল, তাদেরই এই বিশেষ ক্ষমার আওতায় আনা হয়েছে।
মুক্তির আদেশ পাওয়া কয়েদিদের মধ্যে রয়েছেন, চাঁদপুর জেলা কারাগারের আকাশ গিরি প্রকাশ আকাশ দাস (২২), লক্ষ্মীপুর জেলা কারাগারের রবিউল হোসেন (২৫), রংপুর কেন্দ্রীয় কারাগারের মো. জিকরুল হক ওরফে জিকু (৪৩) ও মো. নুরুজ্জামান (২৯) এবং কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের মো. আব্দুল করিম (৫৬)। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট কয়েদিদের বিরুদ্ধে যদি অন্য কোনো মামলা বা আটকের কারণ না থাকে, তবে জরিমানাসহ প্রযোজ্য শর্ত পূরণ সাপেক্ষে তাদের অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশে প্রতি বছর দুই ঈদসহ বিশেষ জাতীয় দিবসগুলোতে কয়েদিদের সংশোধন হওয়ার সুযোগ দিতে এবং পরিবারের সঙ্গে উৎসব পালনের লক্ষে এ ধরনের মানবিক পদক্ষেপ নেওয়া হয়। সাধারণত অপরাধের ধরণ, সাজার মেয়াদ ও সামাজিক নিরাপত্তার বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই করেই এই তালিকা চূড়ান্ত করা হয়।
টিএইচএ/
