দেশের বিভিন্ন জেলায় সৃষ্ট টানা অতিবৃষ্টি, বন্যা ও তীব্র জলাবদ্ধতার কারণে চলমান এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার জোর দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের অব্যবস্থাপনা ও শিক্ষার্থীদের ভোগান্তির নৈতিক দায় স্বীকার করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টিকে অগ্রাধিকার দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
১৪ জুলাই মঙ্গলবার বিকেলে রাজধানীর আইসিএবি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ষান্মাসিক পর্যালোচনা বৈঠকে এসব দাবি তুলে ধরা হয়। সভায় সভাপতির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ বলেন, দেশের বহু এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই বৈরী আবহাওয়া ও দুর্যোগের মধ্যে শিক্ষার্থীদের পক্ষে নিরাপত্তা ঝুঁকি নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
ছাত্রনেতারা অভিযোগ করেন, পরীক্ষা পরিচালনাকে কেন্দ্র করে শিক্ষা প্রশাসনের সিদ্ধান্তহীনতা ও অপরিকল্পিত পদক্ষেপের কারণে দেশজুড়ে লক্ষাধিক পরীক্ষার্থী চরম অনিশ্চয়তা ও মানসিক উদ্বেগে পড়েছে। তারা আরও জানান, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। তাই বন্যাকবলিত এলাকার শিক্ষার্থীদের সার্বিক দিক বিবেচনা করে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখতে হবে। পাশাপাশি পরবর্তীতে ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময় বিবেচনায় নিয়ে নতুন সময়সূচি প্রণয়নের জোর দাবি জানানো হয়।
সংগঠনটির মতে, এই দুর্যোগময় মুহূর্তে সাধারণ মানুষের নিরাপত্তা ও মানবিক প্রয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। বর্তমান সংকট কাটিয়ে উঠতে শিক্ষার্থীদের দাবি মেনে নতুন সময়সূচি ঘোষণার অনুরোধ জানানো হয় বৈঠক থেকে। পর্যালোচনা বৈঠকে কেন্দ্রীয় সহ-সভাপতি খায়রুল আহসান মারজান, সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদসহ কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
টিএইচএ/
