জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, বিএনপি রাজনৈতিকভাবে এনসিপিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তার দাবি, এ ধরনের আচরণ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হবিগঞ্জে এনসিপির নেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার প্রসঙ্গ টেনে সারজিস আলম বলেন, রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিয়ে পরিকল্পিতভাবে এনসিপিকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। তিনি দাবি করেন, তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা করা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়।
সারজিস আলম বলেন, ‘বর্তমানে বিএনপি যেভাবে আমাদের বাধা দেওয়ার, প্রতিরোধ করার, গলা টিপে ধরার চেষ্টা করছে, এটা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো। আওয়ামী লীগের যতটুকু ছিল, এরা সেটুকুও দেখাতে পারছে না।’
তিনি আরও বলেন, ‘আমরা শুনলাম আমাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা হয়েছে। আসলে ছিনতাই যদি কিছু হয়ে থাকে, তাহলে তা হলো বিএনপি ও তারেক রহমানের মান-সম্মানের। তাদের নিজেদের কর্মকাণ্ডের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।’
ছাত্রদলের সমালোচনা করে সারজিস বলেন, ‘যারা এই কাজ করেছে, তারা কতটা অদূরদর্শী হলে এমন একটি পদক্ষেপ নেয়, যা শেষ পর্যন্ত মানুষের কাছে হাস্যরসের বিষয় হয়ে দাঁড়ায়। এটি তাদের বুদ্ধিবৃত্তিক অবস্থারই পরিচয় বহন করে।’
মামলা গ্রহণের বিষয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা। তিনি বলেন, ‘যেখানে মামলাটি নেওয়া হয়েছে, আমার মনে হয় যিনি এটি লিখেছেন, তাকেও হয়তো পরিস্থিতির কারণে বাধ্য হতে হয়েছে।’
উল্লেখ্য, হবিগঞ্জে ছাত্রদল ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি সারজিস আলম, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে। একই ঘটনায় এনসিপিও ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে।
