নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, আগামী ২০ জুলাইকে লক্ষ্য ধরে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের জোর প্রস্তুতি চলছে। তবে ফল প্রকাশের সুনির্দিষ্ট ও চূড়ান্ত তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে জানান, সরকারের নির্দেশনা ও নির্ধারিত সময়সীমা অনুযায়ী ফল প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ চলছে। বর্তমানে ফল প্রস্তুতের মূল কার্যক্রম বাস্তবায়নাধীন রয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, ফলাফল তৈরির কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২০ জুলাইয়ের মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করতে তারা দিনরাত কাজ করছেন।
সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করার রেওয়াজ রয়েছে। সেই নিয়ম অনুযায়ী এ বছর ২১ এপ্রিল পরীক্ষা শুরু হওয়ার পর সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। অন্যদিকে, মাদ্রাসা (দাখিল) ও কারিগরি (এসএসসি ভোকেশনাল) বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ২৪ মে।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন ও কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
