ফেরত আসা আফগান বিনিয়োগকারীদের আকৃষ্ট করা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে কাবুলের লাট্টাবান্দ এলাকায় একটি বাণিজ্যিক নগরীর উদ্বোধন করা হয়েছে।
নতুন এই নগরী ইউরোপসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের প্রক্রিয়াকরণ কেন্দ্রে পরিণত হবে এবং দেশে ফেরত আসা ব্যবসায়ীদের কার্যক্রমে সহায়তা করবে।
প্রধানমন্ত্রীর প্রশাসনিক দপ্তরের মহাপরিচালক নূরুল হক আনোয়ার উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “বর্তমানে আফগানদের দেশে ফেরার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। সবচেয়ে আনন্দের বিষয় হলো, দশকের পর দশক পর প্রবাসী আফগান ব্যবসায়ীরা দেশে ফিরছেন।”
এদিকে সংশ্লিষ্ট নির্মাণ কোম্পানি জানিয়েছে, ইউরোপ ও অন্যান্য দেশ থেকে আমদানি করা পণ্যগুলো প্রথমে এখানে প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত করা হবে, এরপর তা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে বিক্রি করা হবে।
নগরীটির পরিচালক আবদুল বাসির মাশাল বলেন, “এই নগরীর দোকান ও বাজারসমূহ গুদামঘরের মতো তৈরি করা হবে। ইউরোপ থেকে আসা পণ্যগুলো এখানেই প্রক্রিয়াজাত করা হবে এবং অধিকাংশই এশীয় দেশগুলোতে পুনঃরপ্তানি করা হবে।”
রাজনৈতিক বিশ্লেষক ফাযেল রহমান ওরিয়া বলেন, “এখানে শত শত, এমনকি হাজার হাজার মানুষ কাজ করবে। অনেক শ্রমিক সরাসরি এবং পরোক্ষভাবে উপকৃত হবে। দেশের মধ্যে একটি বাণিজ্য সুবিধা গড়ে উঠবে।”
বিশ্লেষকদের মতে, কর্মসংস্থানের অভাব আফগান নাগরিকদের অন্যতম প্রধান সমস্যা। তবে বিভিন্ন দেশীয় উৎপাদন খাতে বিনিয়োগ বাড়ানো হলে বেকারত্ব, দারিদ্র্য ও কষ্ট কিছুটা হলেও লাঘব হতে পারে।
সূত্র: টোলো নিউজ
অনুবাদ: হাসান আল মাহমুদ
