কুমিল্লায় হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করলেন ড. মিজানুর রহমান আজহারী

by Abid vs36

কুমিল্লা প্রতিনিধি: নিরক্ষরতামুক্ত একটি টেকসই, উন্নত ও আদর্শিক সমাজ গঠনের দৃঢ়প্রত্যয় নিয়ে গঠিত ‘হাসানাহ ফাউন্ডেশন’-এর মক্তব প্রকল্প পরিদর্শন করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক এবং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মিজানুর রহমান আজহারী। প্রকল্প পরিদর্শনের অংশ হিসেবে শনিবার (১৮ জুলাই) কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক একাডেমি পরিদর্শন করেন তিনি। এই বিশেষ সফরে এসে তিনি হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্পের মাঠপর্যায়ের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং একাডেমির সার্বিক শিক্ষা কার্যক্রমের খোঁজখবর নেন।

পরিদর্শনকালে ড. মিজানুর রহমান আজহারী একাডেমির বিভিন্ন শ্রেণিকক্ষ, মক্তব কার্যক্রম, পাঠদানের পরিবেশ এবং প্রাতিষ্ঠানিক পরিচালন ব্যবস্থা ঘুরে দেখেন। পরে তিনি একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাজী মোহাম্মদ কোরবান আলীর সঙ্গে দেশের ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থা, ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয় সাধন, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং দক্ষ নৈতিকতাসম্পন্ন শিক্ষক তৈরির প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করেন। এই মতবিনিময় সভায় ভবিষ্যতে হাসানাহ ফাউন্ডেশন এবং আফরিন জাহান ইসলামিক একাডেমির যৌথ উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষার মানোন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার বিষয়ে প্রাথমিক পর্যায়ে ইতিবাচক সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞাপন
banner

সফরের এক পর্যায়ে ড. মিজানুর রহমান আজহারী একাডেমির কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন বিষয়ের লেখার খাতা ও নানাবিধ শিক্ষা উপকরণ উপহার হিসেবে তুলে দেন। পাশাপাশি তিনি একাডেমির অফিশিয়াল ‘ফাউন্ডার’স হ্যান্ডবুক’-এর জন্য একটি আন্তরিক ‘শুভেচ্ছা ও দোয়ার বাণী’ লিখে দেন, যা প্রতিষ্ঠানটির জন্য একটি মূল্যবান ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষিত থাকবে। এরপর তিনি আফরিন জাহান ইসলামিক একাডেমির প্রতিষ্ঠাতার পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।

আফরিন জাহান ইসলামিক একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাজী মোহাম্মদ কোরবান আলী এই সফরের বিষয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “ড. মিজানুর রহমান আজহারীর এই মূল্যবান সফর আমাদের একাডেমির শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য একটি দীর্ঘমেয়াদি অনুপ্রেরণার অধ্যায় হয়ে থাকবে। তাঁর দিকনির্দেশনা, আধুনিক শিক্ষাভাবনা এবং শুভেচ্ছা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে। আমরা আশা করি, ভবিষ্যতে শিক্ষক উন্নয়ন ও মানসম্মত আধুনিক ইসলামিক শিক্ষা বিস্তারে হাসানাহ ফাউন্ডেশনের সাথে পারস্পরিক সহযোগিতার দুয়ার আরও উন্মোচিত হবে, ইনশাআল্লাহ।”

পরিদর্শন শেষে ড. মিজানুর রহমান আজহারী উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সর্বস্তরের জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং একাডেমির সার্বিক সফলতা ও দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সফরের সমাপ্তি টানেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222