গরু জবাইয়ে বাধা নেই তামিলনাড়ুতে

by Abid vs36

আন্তর্জাতিক ডেক্স: ভারতের তামিলনাড়ু রাজ্যে গরু ও বাছুর জবাইয়ের ওপর মাদ্রাজ হাইকোর্টের দেওয়া ঢালাও নিষেধাজ্ঞা স্থগিত করেছে দেশটির সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের এই আদেশের ফলে রাজ্যে মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে (তামিলগা ভেট্টি কাজাগাম) সরকার বড় ধরনের আইনি ও রাজনৈতিক স্বস্তি পেল।

আইনি সংবাদমাধ্যম লাইভ ল-এর বরাতে সোমবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, তামিলনাড়ুজুড়ে পবিত্র ঈদুল আজহা কিংবা অন্য যেকোনো দিনে গরু ও বাছুর জবাই সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে একটি রায় দিয়েছিল মাদ্রাজ হাইকোর্ট। হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে বিশেষ লিভ পিটিশন দায়ের করা হয়। শুনানি শেষে সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ জারি করেন।

বিজ্ঞাপন
banner

শুনানিকালে ভারতের সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ করে বলেন, হাইকোর্টের রায়ে রাজ্যব্যাপী যেভাবে সর্বাত্মক নিষেধাজ্ঞা চাপানো হয়েছে, তা প্রাথমিকভাবে পুনর্বিবেচনা এবং গভীরভাবে খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। তামিলনাড়ু সরকারের পক্ষে শীর্ষ আদালতে আইনি লড়াই পরিচালনা করেন প্রবীণ জ্যেষ্ঠ আইনজীবী অভিষেক মনু সিংভি।

মামলার শুনানিতে তামিলনাড়ু সরকারের তরফ থেকে যুক্তি তুলে ধরে বলা হয়, মাদ্রাজ হাইকোর্টের এই ঢালাও আদেশটি রাজ্যে প্রচলিত ‘তামিলনাড়ু পশু সংরক্ষণ আইন, ১৯৫৮’-এর সরাসরি পরিপন্থি। বিদ্যমান আইন অনুযায়ী, যেসব গরুর বয়স ১০ বছরের বেশি এবং যা প্রজনন বা কাজের জন্য অনুপযোগী বলে সরকারিভাবে প্রত্যয়িত, সেগুলো জবাই করার স্পষ্ট আইনি অনুমতি রয়েছে। এছাড়া অন্যান্য কসাইখানাসংক্রান্ত আইনগুলো কেবল জবাইয়ের পদ্ধতি ও প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে, যা কখনোই কোনো স্থায়ী ও পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপ করে না। ফলে হাইকোর্টের এই নির্দেশ মূলত বিচারালয় থেকে নতুন আইন তৈরির শামিল, যা সম্পূর্ণ বেআইনি।

উল্লেখ্য, গত ২৭ মে ঈদুল আজহার ঠিক আগের দিন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি জিআর স্বামীনাথন ও বিচারপতি ভি লক্ষ্মীনারায়ণের বেঞ্চ রায়টি দিয়েছিলেন। ‘হিন্দু মক্কাল কাচি’ নামক একটি সংগঠনের সদস্য কে সূর্য প্রশান্ত কোয়েম্বাটুর এলাকার নির্দিষ্ট কিছু স্থানে পশু জবাই নিয়ন্ত্রণের আর্জি জানিয়ে মামলাটি করেছিলেন। তবে হাইকোর্ট মূল আবেদনের বাইরে গিয়ে পুরো রাজ্যজুড়ে গরু ও বাছুর জবাইয়ে সর্বাত্মক নিষেধাজ্ঞা জারি করে, যা সুপ্রিম কোর্টের আদেশে স্থগিত হলো।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222