ঘুষ নেওয়ার দায়ে চীনে সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

by Abid vs36

আন্তর্জাতিক ডেস্ক: ২.২ বিলিয়ন ইউয়ান ঘুষ গ্রহণ ও অর্থনৈতিক অনিয়মের দায়ে চীনের নানজিং শহরের সাবেক শীর্ষ কর্মকর্তা ইয়াং ইউলিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির  আদালত। চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের চাংঝৌ ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট এক রায়ে এই নির্দেশ প্রদান করে। রাষ্ট্রীয় সম্পত্তি আত্মসাৎ ও ক্ষমতার চরম অপব্যবহারের মাধ্যমে বিশাল অংকের অর্থ হাতিয়ে নেওয়ার দায়ে বিগত কয়েক বছরের মধ্যে এটিকে সবচেয়ে কঠোর শাস্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আদালতের নথি অনুযায়ী, ৬৯ বছর বয়সী ইয়াং ইউলিন ১৯৯৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত নানজিং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি পদে দায়িত্ব পালন করেন। দীর্ঘ তিন দশক ধরে ক্ষমতার অপব্যবহার করে তিনি নানজিং উন্নয়ন অঞ্চলসহ বিভিন্ন মেগা উন্নয়ন প্রকল্প, জমি হস্তান্তর ও বাণিজ্যিক অর্থায়নের সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে বেআইনিভাবে বিপুল পরিমাণ অর্থ ও সম্পদ ঘুষ হিসেবে গ্রহণ করেন। কেবল ঘুষ গ্রহণই নয়, তার বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, অন্য কর্মকর্তাদের ঘুষ প্রদান এবং অবৈধ অর্থ পাচারের অভিযোগও সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

বিজ্ঞাপন
banner

চীনের আদালত তার রায়ে জানায়, ইয়াং ইউলিনের অনিয়ম ও দুর্নীতি অত্যন্ত মারাত্মক পর্যায়ের এবং এর মাধ্যমে রাষ্ট্র ও জনগণের অপূরণীয় ক্ষতি হয়েছে। আদালত স্পষ্ট করে জানায়, তদন্তে অপরাপর তথ্য দিয়ে সহযোগিতা করা কিংবা অপরাধ স্বীকার করে অনুশোচনা প্রকাশ করলেও তার অপরাধের গভীরতা ও সামাজিক প্রভাব বিবেচনায় শাস্তি কমানোর কোনো আইনি সুযোগ নেই। রায়ে তার যাবতীয় ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করার পাশাপাশি তার রাজনৈতিক অধিকার চিরতরে হরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দীর্ঘদিনের দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবেই ইয়াং ইউলিনের বিরুদ্ধে এই বিশেষ তদন্ত পরিচালিত হয়। সাধারণত চীনে অর্থনৈতিক অপরাধের ক্ষেত্রে স্থগিত মৃত্যুদণ্ড দেওয়া হলেও এক বিলিয়ন ইউয়ানের বেশি দুর্নীতি জড়িত থাকলে সরাসরি মৃত্যুদণ্ডের বিধান প্রয়োগ করা হয়। এর আগে ২০২১ সালে হুয়ারং অ্যাসেট ম্যানেজমেন্টের সাবেক প্রধান লাই শিয়াওমিন এবং ২০২৪ সালে ইনার মঙ্গোলিয়ার কর্মকর্তা লি জিয়ানপিংকে বিপুল অংকের ঘুষ ও অর্থ আত্মসাতের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222