বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। সংগঠনটির নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে বিদায় নেওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে আবেগঘন এক দীর্ঘ পোস্ট দেন তিনি। সেখানে তিনি ছাত্রশিবিরে কাটানো দিনগুলোকে জীবনের ‘সোনালী অধ্যায়’ এবং ‘সবচেয়ে প্রোডাক্টিভ সময়’ হিসেবে আখ্যায়িত করেন।
সোমবার সংগঠনটির নির্ধারিত ও নিয়মিত প্রক্রিয়ার মাধ্যমে ছাত্রশিবির থেকে বিদায় নেন এই ছাত্রনেতা। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে সাদিক কায়েম লেখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তার আবেগ ও ভালোবাসার প্রিয় সংগঠন। দেখতে দেখতে জীবনের একটি দীর্ঘ ও সোনালী অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো এবং সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবেই তিনি আজ আনুষ্ঠানিক ছুটি নিয়েছেন। এ জন্য তিনি সৃষ্টিকর্তার প্রতি অগণিত শুকরিয়া আদায় করেন।
ফেসবুক বার্তায় তিনি আরও উল্লেখ করেন, এই কাফেলায় কাটানো সময়গুলো তাকে দেশ ও জাতিকে নিয়ে চিন্তা করতে শিখিয়েছে, মুখের জড়তা ভেঙে স্পষ্ট কথা বলার সাহস জুগিয়েছে এবং পরম মমতায় তার রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বের গুণাবলিকে বিকশিত করেছে। আত্মিক ও আধ্যাত্মিক বিকাশে ইসলামী ছাত্রশিবির তাকে সঠিক পথনির্দেশনা দিয়েছে বলে তিনি ব্যক্ত করেন।
সংগঠনের সহযোদ্ধা ও দায়িত্বশীলদের স্মৃতিচারণ করে ডাকসু ভিপি জানান, অতীতে ফিরে তাকালে অজস্র সংগ্রামী চিত্র ও প্রিয় মুখ ভেসে ওঠে। দীর্ঘ পথচলায় দায়িত্বশীলদের কাছ থেকে তিনি যে সান্নিধ্য ও অভিজ্ঞতা লাভ করেছেন, তা জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন হিসেবে থাকবে।
বার্তার শেষাংশে তিনি আগামী দিনের পথচলায় দেশ ও ইসলামী আন্দোলনের সফলতা কামনা করেন। তিনি প্রার্থনা জানান যেন এই সংগঠন সামনের দিনে নিপীড়িত ও মজলুম মানুষের মুক্তির লক্ষ্যে সুদৃঢ় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যেতে পারে এবং দেশে এক যোগ্য নেতৃত্ব উপহার দিতে পারে।
টিএইচএ/
