‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী

by Abid vs36

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১৬ আগস্ট সম্ভাব্য কিশোরগঞ্জ সফরকে ঘিরে জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। সফরকালে কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, দেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় ৪০ শতাংশ অর্জিত হয় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল থেকে। এই অঞ্চলের সমৃদ্ধ মৎস্য উৎপাদন, উদীয়মান উদ্যোক্তা ও খামারিদের অমিত সম্ভাবনা তুলে ধরতেই ঢাকার বাইরে কটিয়াদীকে এই জাতীয় উদযাপনের ভেন্যু হিসেবে নির্বাচন করা হয়েছে।

গতকাল রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও করণীয় নির্ধারণের লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

সুলতান সালাউদ্দিন টুকু উল্লেখ করেন, প্রতিবছর জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে দেশের সেরা মৎস্য উদ্যোক্তা ও খামারিদের রাষ্ট্রীয় স্বর্ণপদক প্রদান করা হয়। পূর্বে এ আয়োজন নিয়মিত ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলেও এবার প্রধানমন্ত্রী নিজে এমন এক অঞ্চলে অনুষ্ঠান আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছেন, যেখানে মাঠপর্যায়ের মৎস্য উৎপাদন ও উদ্যোক্তাদের উপস্থিতি সবচেয়ে বেশি। প্রতিমন্ত্রী জানান, জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে এটিই হতে যাচ্ছে প্রধানমন্ত্রীর প্রথম কিশোরগঞ্জ সফর। একই সঙ্গে ঢাকার বাইরে জাতীয় মৎস্য পক্ষের মূল অনুষ্ঠান আয়োজনও দেশে এটিই প্রথম।

প্রতিমন্ত্রী আরও বলেন, এই কর্মসূচি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি কিশোরগঞ্জের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক একটি আয়োজন। এর মাধ্যমে জেলাটির ভাবমূর্তি ও সুনাম আরও উজ্জ্বল হবে। স্থান নির্বাচনের বিষয়ে তিনি জানান, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই কটিয়াদীর ভেন্যু চূড়ান্ত করা হয়েছে। এতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ দেখা হয়নি। জাতীয় মৎস্য পক্ষের মূল লক্ষ্য হলো মৎস্য শিল্পের ধারাবাহিক উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের উৎসাহিত করা, যা সফল করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষের সার্বিক সহায়তা দরকার।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু নিশ্চিত করেন, প্রধানমন্ত্রী কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি কিশোরগঞ্জ সদর এলাকাতেও পৃথক দলীয় ও রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেবেন। এ সফর সফল করতে স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন তিনি।

উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, জেলা প্রশাসক সোহানা নাসরিন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222