নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

by Abid vs36

রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্বের জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৭ জুলাই) বিকাল পৌনে ৪টায় তিনি স্টেডিয়াম প্রাঙ্গণে পৌঁছালে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান আয়োজক কমিটির কর্মকর্তারা।

বিজ্ঞাপন
banner

সমাপনী কর্মসূচির অংশ হিসেবে বালক ও বালিকা বিভাগের দুটি ফুটবল ফাইনাল এবং ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী স্টেডিয়ামে উপস্থিত হয়ে বালিকা বিভাগের রাজশাহী ও রংপুর অঞ্চলের মধ্যকার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল ফাইনালের দ্বিতীয়ার্ধ সরাসরি উপভোগ করেন। এর পরপরই তিনি বালক ও বালিকাদের ১০০ মিটার স্প্রিন্ট ফাইনাল প্রতিযোগিতা প্রত্যক্ষ করেন। প্রতিযোগিতা শেষে একটি তথ্যবহুল প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং থিম সংয়ের সঙ্গে শিশু শিল্পীদের নান্দনিক নৃত্য পরিবেশনা উপভোগ করবেন সরকারপ্রধান।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সভাপতিত্বে আয়োজিত এই সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। অনুষ্ঠানের শেষভাগে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্য প্রদান শেষে তিনি বিভিন্ন ইভেন্টে বিজয়ী হওয়া খুদে অ্যাথলেটদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেবেন।

উল্লেখ্য, গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসরের আঞ্চলিক পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। দেশের সব উপজেলা ও জেলা থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় ১ লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ আটটি ভিন্ন ভিন্ন ডিসিপ্লিনে এতে অংশ গ্রহণ করে। পরবর্তীতে রাজধানীর বিভিন্ন ভেন্যুতে এর জাতীয় পর্ব সফলভাবে সম্পন্ন হয়।

আয়োজকরা জানিয়েছেন, এই প্রতিযোগিতার মাধ্যমে উঠে আসা সেরা প্রতিভাদের ইতোমধ্যে বিশেষ বাছাই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্বাচিত এসব তরুণ অ্যাথলেটকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) বিভিন্ন শাখায় নিবিড় প্রশিক্ষণে রেখে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কোমলমতি শিশুদের খেলাধুলার সুনির্দিষ্ট ট্র্যাকে ফিরিয়ে আনা ও মাঠমুখী করাই এই মেগা প্রকল্পের মূল উদ্দেশ্য।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222