‘জুলাই সনদ বাস্তবায়নে অনীহা, জনগণের পালস বুঝতে পারছে না সরকার’

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, জুলাই-পরবর্তী সময়ে জনগণ যাদের হাতে রাষ্ট্রক্ষমতা তুলে দিয়েছে, তারা দেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে না। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অনীহা প্রমাণ করে, তারা জনগণের মনোভাব বা ‘পালস’ বুঝতে ব্যর্থ হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

চরমোনাই পীর বলেন, ভালো নেতৃত্ব ও সঠিক নীতির সমন্বয় ছাড়া জাতির মুক্তি সম্ভব নয়। দুর্নীতি, চাঁদাবাজি, মাদক এবং অব্যবস্থাপনা দূর করে সুশাসন প্রতিষ্ঠায় ইসলামী আদর্শের বিকল্প নেই।

তিনি আরও বলেন, শুধু ইসলামের নাম ব্যবহার করলেই কোনো কর্মকাণ্ড ইসলাম সম্মত হয়ে যায় না। ইসলামের নামে অনৈতিকতা, বিশৃঙ্খলা বা প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালিত হলে তা ইসলামের ভাবমূর্তিকেই ক্ষতিগ্রস্ত করে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, সরকারদলীয় হুইপের বক্তব্য অনুযায়ী যদি চাঁদাবাজি নির্মূল করা সম্ভব না হয়, তাহলে সরকারের দায়িত্ব পালনের প্রশ্ন ওঠে। তিনি অভিযোগ করেন, সরকার এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হওয়ায় কর্মসংস্থান কমছে।

তিনি আরও বলেন, বর্তমান সংসদে কার্যকর বিরোধী দল নেই। বিরোধী দলগুলো জনগণের স্বার্থে দৃঢ় অবস্থান নিতে পারছে না। তবে ইসলামী আন্দোলন মাঠের বিরোধী দল হিসেবে কার্যকর ভূমিকা পালন করবে।

প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, ইসলামের নামে বিভ্রান্তিকর কর্মকাণ্ড ইসলামের মর্যাদা ক্ষুণ্ন করছে। তাই সঠিক ইসলামী চর্চার আহ্বান জানাই।

প্রধান বক্তা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ বলেন, সংগঠনের নেতাকর্মীরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করছেন।

তিনি দাবি করেন, জুলাই আন্দোলনে তাদের কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পাশাপাশি সংগঠনটি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ এবং বেকার যুবকদের কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা অলিউল্লাহ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব আহমাদ আব্দুল কাইয়ুম, ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা হাম্মাদ বিন মোশাররফ, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা ইলিয়াস হাসান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আল আমীন, প্রচার সম্পাদক মুফতি আবু বকর সিদ্দীকসহ সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222