টাকা পাচার মামলায় যুবলীগের সম্রাটের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

by Fatih Work

১৯৫ কোটি টাকা পাচারের অভিযোগে মানি লন্ডারিংয়ের মামলায় জামিনে থাকা আসামি যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

রোববার (২৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত এ আদেশ দেন।

বিজ্ঞাপন
banner

এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, মামলাটিতে সম্রাটের ব্যক্তিগত হাজিরা মওকুফের আদেশ বাতিল চেয়ে আবেদন করা হয়। শুনানিতে বলা হয়, সম্রাট জামিনে থেকে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত হয়েছেন। তিনি দেশবিরোধী কাজ করছেন। তিনি আদালতের অনুমতি না দিয়েই দেশের বাইরে চলে গেছেন। পরে আদালত তার ব্যক্তিগত হাজিরা মওকুফের আদেশ বাতিল করেন। পাশাপাশি জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এই মামলায় অপর আসামি আরমান জামিনে থেকে একাধিকবার আদালতে উপস্থিত হননি। এজন্য তার জামিনও বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

২০২০ সালের ১৩ সেপ্টেম্বর সিআইডির উপ-পরিদর্শক রাশেদুর রহমান বাদী হয়ে রাজধানীর রমনা মডেল থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এ মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, কাকরাইলের ‘মেসার্স হিস মুভিজ’ নামের একটি প্রতিষ্ঠানে বসে মতিঝিল, ফকিরাপুল, পল্টন, কাকরাইলসহ বিভিন্ন এলাকায় অবৈধ কর্মকাণ্ড চালাতেন সম্রাট। এসব অর্থের উৎস গোপন করার জন্য সহযোগী এনামুল হক আরমানের মাধ্যমে তিনি সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায় অর্থ পাচার করেন।

পাচার করা টাকার পরিমাণ আনুমানিক ১৯৫ কোটি টাকা। সম্রাট ২০১১ সালের ২৭ ডিসেম্বর থেকে ২০১৯ সালের ৯ আগস্ট পর্যন্ত সময়ে ৩৫ বার সিঙ্গাপুরে, তিনবার মালয়েশিয়ায়, দুবার দুবাইয়ে, একবার হংকংয়ে গেছেন। আর এনামুল হক আরমান ২০১১ সালের ১২ ডিসেম্বর থেকে ২০১৯ সালের ১৮ মে পর্যন্ত সময়ে ২৩ বার ‍সিঙ্গাপুর ভ্রমণ করেছেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222