বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): সংবিধান সংস্কারের দাবিকে অগ্রাহ্য করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দেওয়া বিএনপির জন্য উচিত হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দাবি না মানলে জামায়াতে ইসলামীকে রাজপথে নামতে হবে। শুক্রবার নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে দলের সদস্য রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি ভারত ও শেখ হাসিনা প্রসঙ্গেও কথা বলেন। গোলাম পরওয়ার বলেন, বিএনপির উচিত দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে পার্লামেন্টে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা, শপথ গ্রহণ করা এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্য যে গণভোট হয়েছে, সেই গণভোটের রায় মেনে নিয়ে এটা কার্যকর করে সংবিধানের সেই সংস্কারটা করা। তাহলেই সংকটটা নিষ্পত্তি হয়ে যাবে। আর তা যদি না করে তাহলে রাজপথে যাওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প পথ থাকবে না।
শেখ হাসিনা দেশে ফেরার ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আইনি ব্যাপার, সরকারের ব্যাপার। সরকারই তার দলীয় কার্যক্রম নিষিদ্ধ রেখেছে। সরকারই সিদ্ধান্ত নেবে।
টিএইচএ/
