দেয়ালে পিঠ ঠেকে গেলে শিবির উপযুক্ত জবাব দিবে : জামায়াত

by Fatih Work

নিজস্ব প্রতিবেদক :: নির্বাচনের পর দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হবে এবং কোথাও কোনো সংঘাত তৈরি হবে না মানুষের এমন প্রত্যাশা ছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, ‘বর্তমান সরকার সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও যেসব এলাকায় তাদের প্রার্থী নির্বাচিত হয়নি, সেসব এলাকায় প্রশাসক নিয়োগের মাধ্যমে স্বৈরাচারী কায়দায় নিজেদের লোক বসিয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। এর ফলে স্থানীয় পর্যায়ে অস্থিরতা তৈরি হচ্ছে।’

শুক্রবার (২৪ এপ্রিল) গাজীপুরের টঙ্গী তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

এ সময় তিনি অভিযোগ করে বলেন, ‘যেসব শিক্ষা প্রতিষ্ঠানে সরকারপন্থী ছাত্রসংগঠন পরাজিত হয়েছে, সেখানে তাদের পুনর্বাসনের উদ্দেশ্যে প্রতিপক্ষ ছাত্রসংগঠন-বিশেষ করে ছাত্রশিবির ও ডাকসুসহ সারাদেশে হামলার ঘটনা ঘটছে। এতে সামগ্রিক পরিস্থিতি ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে এবং অরাজকতার পরিবেশ সৃষ্টি হচ্ছে।’

এ প্রেক্ষাপটে তিনি সকলকে ধৈর্য ধারণের আহ্বান জানান এবং কোনো ধরনের সংঘাতে না জড়ানোর জন্য নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন।

অধ্যাপক মুজিবুর রহমান সতর্ক করে বলেন, ‘জামায়াত ও শিবিরের সাংগঠনিক শক্তি বিবেচনায় তারা যদি পাল্টা প্রতিক্রিয়া দেখায়, তাহলে তা দেশের জন্য বড় ধরনের অস্থিরতা- এমনকি গৃহযুদ্ধের ঝুঁকি তৈরি করতে পারে। তবে দেয়ালে পিঠ ঠেকে গেলে আমরা এর উপযুক্ত জবাব দিতে বাধ্য হব।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক জামাল উদ্দিন এবং গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দীন আইয়ুবী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা জামায়াতে ইসলামীর আমীর নজরুল ইসলাম।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222