পর্দাসহ ইসলামী বিধান নিয়ে কটাক্ষ সমর্থন করি না: আফেন্দী

by Fatih Work

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, ট্রলবাজি ও অসুস্থ রাজনীতি কারো জন্যই কল্যাণকর নয় এবং রাজনীতির মাঠে দ্বিচারিতা মোটেও ভালো লক্ষণ নয়। তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেন, এক অপশক্তির দাসত্ব থেকে মুক্ত হয়ে দেশের মানুষ আরেক অপশক্তির দাসত্ব গ্রহণ করতে রাজি নয়। পর্দাসহ ইসলামী কোনো বিধান সম্পর্কে কারো কটাক্ষপূর্ণ বক্তব্য কোনোভাবেই সমর্থন করা হবে না। সুস্থ রাজনীতি ও গঠনমূলক সমালোচনাকে সম্মান জানানোর পাশাপাশি সকল অপপ্রচার ও তথ্যসন্ত্রাসের বিরুদ্ধে শালীনতা বজায় রেখে সোচ্চার হওয়াকে বর্তমান সময়ে অত্যন্ত জরুরি বলে মনে করেন তিনি। বৃহস্পতিবার (১৮ জুন) বাদ জোহর শরীয়তপুর জেলা জমিয়তের কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা সভাপতি মাওলানা শফীউল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন এবং মাওলানা জিয়াউল হক কাসেমী। অধিবেশনে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা ইমাম-উলামা পরিষদের সভাপতি মুফতী আবু বকর সিদ্দীক, মাদারীপুর জেলা জমিয়তের সভাপতি মাওলানা রাকীব হাসান, ফরিদপুর জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন এবং ঢাকা গুলশান থানা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দীক। কাউন্সিলে গত সেশনের সামগ্রিক সাংগঠনিক প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইদ্রিস কাসেমী।

বিজ্ঞাপন
banner

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী উপস্থিত কাউন্সিলরদের উদ্দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক নির্দেশনা প্রদান করেন। এর পাশাপাশি তিনি ৫ আগস্ট ২০২৪ পরবর্তী পরিবর্তিত বিভিন্ন জাতীয় ও রাজনৈতিক পরিস্থিতিতে দলের গৃহীত নানামুখী সিদ্ধান্তসমূহের যৌক্তিকতা ও প্রাসঙ্গিকতা বিশদভাবে নেতাকর্মীদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আলেম সমাজকে আরও দায়িত্বশীল ও সজাগ ভূমিকা পালন করতে হবে যেন কোনো স্বার্থান্বেষী মহল দেশের সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করতে না পারে।

কাউন্সিল অধিবেশনের শেষ পর্বে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে শরীয়তপুর জেলা জমিয়তের নতুন কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত এই নতুন কমিটিতে মাওলানা শফীউল্লাহ খান সভাপতি, মাওলানা মুঈনুদ্দীন সিনিয়র সহ-সভাপতি, মাওলানা ইদ্রিস কাসেমী সাধারণ সম্পাদক, মাওলানা সাইফুর রহমান কাসেমী যুগ্ম সাধারণ সম্পাদক, মুফতী সায়েম সাংগঠনিক সম্পাদক, মাওলানা আনোয়ার হোসাইন অর্থ সম্পাদক এবং মাওলানা কামাল হোসাইন প্রচার সম্পাদক নির্বাচিত হন। নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ, নীতি ও লক্ষ্য বাস্তবায়নে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222