মো: নিজাম উদ্দিন স্বাধীন, খুলনা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, দেশের মানুষ আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়েছে, আর সেই লক্ষ্যেই সকল ইসলামপন্থী দলগুলো নিয়ে ঐতিহাসিক এক জোট গঠনের পথে এগোচ্ছে জামায়াতে ইসলামী। তিনি বলেন, ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে এবং আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ঘোষিত সাত দফা দাবিকে জনমানুষের দাবি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।
আজ বুধবার (৯ জুলাই) সকালে ইউনিট প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “জনগণের বিপুল প্রত্যাশা ধারণ করে একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে হবে। ১৯ জুলাই জাতীয় সমাবেশ সফল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে। সাত দফা আদায় ছাড়া দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।”
সাত দফা দাবি
- সভায় তিনি জামায়াতের ঘোষিত সাত দফা উল্লেখ করেন, যার মধ্যে রয়েছে:
- অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন
- লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ
- অতীতের সকল গণহত্যার বিচার
- মৌলিক রাষ্ট্রীয় সংস্কার
- ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন
- জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন
- পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ
তিনি বলেন, ‘এই দাবিগুলো আদায় করতে পারলেই ছাত্র-জনতার চূড়ান্ত গণঅভ্যুত্থন সফল হবে।’
অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, “মানব রচিত মতবাদের মাধ্যমে দেশে সুশাসন ও অধিকার প্রতিষ্ঠা সম্ভব হয়নি। বরং আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের মাধ্যমেই দারিদ্র্য, বেকারত্ব দূর করে স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব।”
তিনি আরও বলেন, দেশের জনগণকে হতাশ না হয়ে ন্যায়-ইনসাফের সমাজ গঠনে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন আড়ংঘাটা থানা আমীর মাওলানা মুনাওয়ার আনসারী এবং পরিচালনা করেন দৌলতপুর থানা আমীর মাওলানা মুশাররফ আনসারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
- খুলনা মহানগর সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজী
- মহানগর কর্মপরিষদ সদস্য মুকাররম বিল্লাহ আনসারী, অধ্যাপক ইকবাল হোসেন
- মহানগর সদস্য আশরাফ হোসেন
অন্যান্যদের মধ্যে ছিলেন মাওলানা মহিউদ্দিন, ফিরোজ আহম্মেদ তুহিন, ইসমাইল হোসেন পারভেজ, মাওলানা আব্দুল হক, মাওলানা হাবিবুর রহমান, রেজাউল কবির, শেখ আলাউদ্দিন, সৈয়দ গোলাম কিবরিয়া, জাকিরুল ইসলাম, আমিনুল ইসলাম প্রমুখ।
হাআমা/
