বন্যায় ভেসে গেল সাপের খামার, লোকালয়ে ৯০০ সাপ

by Abid vs36

আন্তর্জাতিক ডেস্ক: চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংজি ঝুয়াং অঞ্চলের হেংঝৌ শহরের দেংওয়েই গ্রামে ভারী বর্ষণ ও বন্যায় সাপের খামার ধ্বংস হয়ে প্রায় ৮০০ থেকে ৯০০টি সাপ লোকালয়ে ছড়িয়ে পড়েছে। পালিয়ে যাওয়া এসব সাপের মধ্যে অত্যন্ত বিষধর গোখরাও রয়েছে। এতে এলাকায় মারাত্মক আতঙ্ক ছড়িয়ে পড়ার পাশাপাশি সাপের কামড়ে বেশ কয়েকজন গ্রামবাসী অসুস্থ হয়ে পড়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

চীনা গণমাধ্যম গ্লোবাল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, টাইফুন ‘মায়সাক’-এর প্রভাবে অঞ্চলটিতে টানা বৃষ্টিপাতের সৃষ্টি হয়। বৃষ্টি ও পাহাড়ি ঢলে হেংঝৌ এলাকার লিউলান ও ইউনবিয়াও জলাধারের বাঁধ ভেঙে গিয়ে সংলগ্ন নিচু এলাকাগুলো জলমগ্ন হয়ে পড়ে। পানির তীব্র তোড়ে একটি ব্যক্তিগত সাপের খামার ভেঙে গেলে রক্ষিত বিপুল পরিমাণ সাপ আশপাশের বন্যা কবলিত লোকালয়ে ভেসে যায়।

বিজ্ঞাপন
banner

দেংওয়েই গ্রাম কমিটির প্রধান উ ঝি জানিয়েছেন, গত ৬ জুলাই সকালে এই দুর্ঘটনা ঘটে। অনাকাঙ্ক্ষিত বন্যায় আটকে পড়া একাধিক গ্রামবাসী ভাসমান সাপের কামড়ে আহত হয়েছেন। এদের মধ্যে এক গ্রামবাসী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি স্পষ্ট করেন, পালিয়ে যাওয়া সাপের সবগুলো বিষধর নয়, তবে তাতে বিষধর গোখরা, কিং র‍্যাট স্নেক এবং বড় আকারের বিষহীন জলসাপ রয়েছে।

খবর পেয়ে হেংঝৌ জরুরি ব্যবস্থাপনা ব্যুরো দ্রুত উদ্ধারকারী দল মোতায়েন করেছে। যেকোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং নতুন করে যাতে আর কেউ আক্রান্ত না হন, সে লক্ষ্যে উদ্ধারকারী কর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় তৎপরতা শুরু করেছেন।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভিজ্ঞতা থাকা এক ডজনেরও বেশি স্থানীয় বাসিন্দা স্বেচ্ছায় একটি ‘সাপ ধরা দল’ গঠন করে গ্রামজুড়ে উদ্ধার কাজ শুরু করেছেন। তারা জলমগ্ন স্থানে ভাসমান আবর্জনা ও ধ্বংসাবশেষে আটকে থাকা সাপগুলো শনাক্ত করে আটক করছেন। বন্যায় দুর্গত গ্রামবাসীদের উদ্দেশে গ্রাম কমিটির নোটিশ জারি করে বলা হয়েছে, পর্যাপ্ত দক্ষতা ছাড়া নিজেরা যেন কেউ সাপ ধরার দুঃসাহস না দেখান। নিজ বাড়িতে কোনো সাপের উপস্থিতি চোখে পড়লে দ্রুত প্রশিক্ষিত উদ্ধারকারী দলকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222