বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগে ভারতীয় দুইটি ট্রলারসহ ৩৪ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার (১৪ জুলাই) রাতের দিকে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে তাদের আটক করা হয়।
আটক ট্রলার দুটি—‘এফবি ঝড়’ ও ‘এফবি মঙ্গল চন্ডি-৩৮’—থেকে কয়েক’শ কেজি সামুদ্রিক মাছ, যার মধ্যে ইলিশসহ বিভিন্ন প্রজাতি রয়েছে, তা জব্দ করা হয়েছে।
মোংলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, নিয়মিত টহলের সময় রাডারে সন্দেহজনক গতিবিধি শনাক্ত করে নৌবাহিনীর টহল জাহাজ। ধাওয়া দিয়ে ট্রলার দুটি আটক করা হয়। আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মোংলায় আনা হচ্ছে।
জব্দ মাছ নিলামের মাধ্যমে বিক্রি এবং আটক ট্রলার ও জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
হাআমা/
