বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে বিশেষ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ রোববার (১৯ জুলাই) সকালে বিজিবি’র বান্দরবান সেক্টর সদরের সুশৃঙ্খল ব্যবস্থাপনায় এই মানবিক কার্যক্রম সম্পন্ন হয়।
বিজিবি’র বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল, বিএসপি’র সরাসরি নেতৃত্বে ক্রাইক্ষ্যং পাড়াস্থিত ‘শহীদ মোশারফ বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ’ প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে বিজিবি’র সিনিয়র মেডিকেল অফিসার মেজর তিমির রঞ্জন মহান্ত, ডা. আফরোজা আক্তার এবং ডা. মো. রাশেদুল ইসলাম স্থানীয় বন্যায় চরমভাবে ক্ষতিগ্রস্ত আনুমানিক ১৫২টি অসহায় ও দুর্গত পরিবারের প্রায় ৩৫০ জন নারী, শিশু ও বৃদ্ধকে সম্পূর্ণ বিনামূল্যে জরুরি চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি প্রয়োজনীয় জীবনরক্ষাকারী ওষুধ সামগ্রী বিতরণ করেন।
মেডিকেল ক্যাম্পেইন চলাকালে অন্যান্যের মধ্যে বান্দরবান বিজিবি সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ হুমায়ুন কবির, পিএসসি এবং সহকারী পরিচালক মো. সেলিম রানাসহ বিজিবি’র বিভিন্ন পদমর্যাদার সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিজিবি কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল, বন্যা, পাহাড় ধস ও অন্যান্য জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বিজিবি’র ঐতিহ্যগত দায়িত্ব। দুর্গতদের উদ্ধার কার্যক্রম পরিচালনা, নিরাপদ আশ্রয় কেন্দ্রে স্থানান্তর, শুকনো খাবার ও মানবিক সহায়তা নিশ্চিতকরণের পাশাপাশি সাধারণ জনগণ এবং পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিধানে বিজিবি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং বন্যা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে।
টিএইচএ/
