বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে দীর্ঘ যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বিশেষ বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নতুন সরকার গঠনের পর যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোকে নিয়ে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক উচ্চপর্যায়ের বৈঠক।
সোমবার রাত সাড়ে ৭টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বৈঠকটি শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং গণমাধ্যমকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট রাজনৈতিক সূত্রগুলো জানায়, বৈঠকে অংশ নেওয়া নেতাদের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের বর্তমান সার্বিক রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা চলছে। বিশেষ করে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কার ও শাসনব্যবস্থার পরিবর্তনে ‘জাতীয় সরকার’ গঠনের বিষয়ে বিএনপির পক্ষ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নের সার্বিক অগ্রগতি এবং রূপরেখা নিয়ে বৈঠকে গুরুত্বের সাথে আলোচনা হতে পারে।
এ ছাড়া সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিক দলগুলোর মধ্যে আসন বণ্টন নিয়ে পর্দার আড়ালে যে এক ধরনের অসন্তোষ ও দূরত্ব তৈরি হয়েছিল, সেটিও এই সমন্বয় বৈঠকে গুরুত্বের সাথে স্থান পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে দীর্ঘ আন্দোলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যগুলো মাঠপর্যায়ে বাস্তবায়নে ভবিষ্যৎ করণীয় এবং রাষ্ট্র পরিচালনায় শরিকদের অংশীদারিত্ব নিশ্চিত করার বিষয়ে দলগুলোর শীর্ষ নেতারা নিজেদের মধ্যে গুরুত্বপূর্ণ মতবিনিময় করবেন বলে জানা গেছে। বৈঠকে ফ্যাসিস্টবিরোধী যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন ডান, বাম ও ইসলামি রাজনৈতিক জোটসহ শীর্ষ দলগুলোর প্রধানেরা সশরীরে উপস্থিত রয়েছেন।
টিএইচএ/
