ইউক্রেনের ওডেসা বন্দর ত্যাগের পরপরই গিনি-বিসাউয়ের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি গোল্ডেন লিও-তে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, ভুট্টাবাহী জাহাজটিতে তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো এই হামলায় চারজন ভারতীয় নাবিকসহ মোট ১০ জন নিহত হয়েছেন। ইউক্রেনীয় নৌবাহিনী ও সমুদ্রবন্দর কর্তৃপক্ষের পরিচালনা করা উদ্ধার অভিযানে আহত অবস্থায় আটজনকে জীবিত উদ্ধার করা হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মুম্বাইভিত্তিক ওশান গ্রেস শিপিং লিমিটেডের মালিকানাধীন এই জাহাজে মোট ১৭ জন নাবিকের মধ্যে ৫ জন ছিলেন ভারতীয়। নিহত চার ভারতীয় ছাড়া বাকি একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন।
হামলার জন্য ইউক্রেন সরাসরি রাশিয়াকে দায়ী করলেও, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বেসামরিক নাবিক ও আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে, তবে বিবৃতিতে রাশিয়ার নাম উল্লেখ করেনি।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলছে, কৃষ্ণসাগরে সাম্প্রতিক সংঘাতের মধ্যে এটি অন্যতম ভয়াবহ হামলা। চলতি মাসেই ওডেসা অঞ্চলে রুশ হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জনে।
