বিমানবন্দরের বিশেষ অফিসারের (ভুয়া) প্রতারণা, মূলহোতা গ্রেফতার

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অকশন ডিপার্টমেন্টের ম্যানেজার পরিচয়ে প্রতারণার অভিযোগে এ চক্রের মূলহোতা ইব্রাহিম হোসেন ওরফে রবিন শিকদার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে রাজধানীর উত্তর বাড্ডার কমিশনার গলি এলাকা থেকে গ্রেফতারের সময় ওই যুবকের কাছ থেকে আইফোনসহ পাঁচটি মোবাইল ফোন ও সাতটি সিম জব্দ করা হয়।

বিজ্ঞাপন
banner

সিআইডি জানিয়েছে, গ্রেফতারকৃত রবিন ঢাকার ডেমরার সারুলিয়া গ্রামের মো. মোস্তফার ছেলে। তিনি অকশনে কম মূল্যে আইফোনসহ দামি মোবাইল, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক্স পণ্য সরবরাহের প্রলোভন দেখিয়ে প্রায় ৩১ লাখ টাকা আত্মসাৎ করেছেন। তার বিরুদ্ধে পল্টন থানায় একটি প্রতারণার মামলা রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ঢাকার একটি বেসরকারি জীবন বিমা প্রতিষ্ঠানে চাকরিরত। প্রতারক চক্রের সদস্যরা প্রথমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাদীর সঙ্গে যোগাযোগ করে। চক্রটি নিজেদেরকে বিমানবন্দরের অকশন ডিপার্টমেন্টের কর্মকর্তা এবং পরবর্তীতে অপারেশন ম্যানেজার হিসেবে পরিচয় দিয়ে ভুক্তভোগীর আস্থা অর্জন করে।

কথোপকথনের একপর্যায়ে তারা জানায়, বিমানবন্দরের অকশনে জব্দকৃত বা অব্যবহৃত আইফোন, স্যামসাং মোবাইল, ল্যাপটপ এবং বিভিন্ন মূল্যবান ইলেকট্রনিক্স পণ্য বাজারমূল্যের তুলনায় অত্যন্ত কম দামে বিক্রি করা হবে।

পাশাপাশি তারা দাবি করে, তাদের অধীনে কর্মরত প্রায় ৫০ জন কর্মকর্তা-কর্মচারী জীবন বিমার পলিসি গ্রহণে আগ্রহী, যার মাধ্যমে ভুক্তভোগীর সঙ্গে একটি বিশ্বাসযোগ্য সম্পর্ক তৈরি করা হয়। পরবর্তীতে প্রতারক চক্রটি ভুক্তভোগীকে ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসায় যুক্ত হওয়ার প্রস্তাব দেয় এবং ব্যবসার বৈধতা প্রমাণের জন্য বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নামে জাল অনুমোদনপত্র, কথিত সরকারি নথি, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের (সিএএবি) ভুয়া ডকুমেন্ট, পুলিশ ক্লিয়ারেন্সসহ বিভিন্ন জাল কাগজপত্র সরবরাহ করে।

এসব নথি দেখে ভুক্তভোগী প্রতারকদের কথায় বিশ্বাস স্থাপন করে বিনিয়োগ করতে আগ্রহী হয়। এরপর ১১০টি আইফোন, ৭০টি স্যামসাং মোবাইল এবং ৫৪৩টি ল্যাপটপ সরবরাহের কথা বলে বিভিন্ন ধাপে দুটি ব্যাংক হিসাব ও তিনটি এমএফএস অ্যাকাউন্টে মোট প্রায় ৩০ লাখ ৮৭ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। টাকা গ্রহণের পর তারা কোনো পণ্য সরবরাহ না করে বিভিন্ন অজুহাত দিতে থাকে এবং একপর্যায়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।

এরপরই ভুক্তভোগী বুঝতে পারেন যে, তিনি একটি সুপরিকল্পিত প্রতারণার শিকার হয়েছেন। এ ঘটনার পর ভুক্তভোগী ডিএমপির পল্টন থানায় গত ২২ জুন সাইবার সুরক্ষা আইনে মামলা করেন। পরবর্তীতে মামলাটির তদন্তভার গ্রহণ করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।

প্রাথমিক তদন্তে সিআইডি জানতে পারে, সংঘবদ্ধ প্রতারক চক্রটি সরকারি প্রতিষ্ঠানের নাম, পরিচয় এবং জাল নথিপত্র ব্যবহার করে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করতো। এরপর বিমানবন্দরের অকশনে স্বল্পমূল্যে মূল্যবান ইলেকট্রনিক্স পণ্য বিক্রির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিত।

তদন্তে চক্রটির অন্যান্য সদস্য, ব্যবহৃত ব্যাংক হিসাব, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট এবং প্রতারণার নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে সিআইডির অভিযান অব্যাহত রয়েছে।

সিআইডি জানিয়েছে, গ্রেফতারকৃত রবিন ভাটারা থানার একটি ডিজিটাল প্রতারণা মামলার চার্জশিটভুক্ত আসামি। মামলাটি আদালতে বিচারাধীন। তার বিরুদ্ধে আরও মামলা বা অভিযোগ রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিনের বিরুদ্ধে প্রতারণামূলক কার্যক্রমে জড়িত থাকার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে সিআইডির অভিযান চলমান রয়েছে।

সিআইডি আরও জানিয়েছে, গ্রেফতারকৃত রবিনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান। বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছে সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।

সরকারি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে অস্বাভাবিক কম দামে পণ্য বিক্রির প্রলোভন, অনলাইনে প্রাপ্ত কথিত সরকারি অনুমোদনপত্র কিংবা অপরিচিত ব্যক্তির দেওয়া ব্যবসায়িক প্রস্তাবে বিশ্বাস করে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সিআইডি জনগণকে সতর্ক করেছে।

যেকোনো বিনিয়োগ বা ক্রয়ের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তথ্য যাচাই করার পাশাপাশি সন্দেহজনক কোনো ঘটনা ঘটলে দ্রুত নিকটস্থ থানা অথবা সিআইডি সাইবার পুলিশ সেন্টারে অভিযোগ জানানোর জন্য অনুরোধও জানিয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222