ভারতের শিক্ষা মন্ত্রণালয় এখন আরএসএসের নিয়ন্ত্রণে: রাহুল গান্ধী

by Fatih Work

ভারতের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় এখন সরাসরি হিন্দুত্ববাদী সংগঠন জাতীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) নিয়ন্ত্রণে চলে গেছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী।

বুধবার (২৯ জুলাই) ভারতীয় সংসদ লোকসভায় দেওয়া এক কড়া বক্তব্যে দেশটির বর্তমান শিক্ষাব্যবস্থার নীতি, সিলেবাস পরিবর্তন ও প্রশাসনিক কাঠামোর সমালোচনা করে তিনি এই মন্তব্য করেন।

বিজ্ঞাপন
banner

লোকসভায় বক্তব্যে রাহুল গান্ধী অভিযোগ করে বলেন, ভারতের বর্তমান শিক্ষা মন্ত্রণালয় সম্পূর্ণভাবে আরএসএসের দ্বারা পরিচালিত হচ্ছে। ফলে দেশে শিক্ষার্থীদের স্বাধীন ও মুক্তচিন্তার মানুষ হিসেবে গড়ে ওঠার ন্যূনতম সুযোগটুকুও কাড়িয়া নেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের নিজস্ব মতপ্রকাশ কিংবা কোনো বিষয়ে প্রশ্ন তোলার স্বাধীনতা দেওয়া হচ্ছে না। পাঠ্যক্রম পরিবর্তন প্রসঙ্গে তিনি দাবি করেন, আরএসএস ভারতের ইতিহাসকে বিকৃত করে যেসব ভিত্তিহীন ও বিতর্কিত তথ্য প্রচার করছে, দেশের কোমলমতি শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে সেটাই জোরপূর্বক মেনে নিতে ও মুখস্থ করতে বাধ্য করা হচ্ছে।

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক শীর্ষ পদের কথা উল্লেখ করে কংগ্রেসের এই প্রভাবশালী লোকসভা সদস্য বলেন, বর্তমানে ভারতের প্রায় প্রতিটি বড় ও শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান পদে একেকজন আরএসএস কর্মীকে বসানো হয়েছে। একই সঙ্গে বিদ্যমান শিক্ষানীতিকে বাণিজ্যিকীকরণের একটি হাতিয়ার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই নীতির মাধ্যমে সাধারণ দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের পকেট কেটে উচ্চশিক্ষার সুযোগ থেকে তাদের পরিকল্পিতভাবে বঞ্চিত করা হচ্ছে।

বক্তব্যের একপর্যায়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কঠোর সমালোচনা করে রাহুল গান্ধী দাবি করেন, শিক্ষার্থীরা কেবল কিছু ‘অস্বস্তিকর প্রশ্ন’ তুলেছিল, যার সঠিক জবাব দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভীষণ ভীত ছিল। সেই প্রশ্নের মুখোমুখি না হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী উল্টো শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর অনুমোদন দিয়েছেন।

রাহুল গান্ধীর এই বিস্ফোরক বক্তব্যের পরপরই লোকসভা কক্ষে ব্যাপক হট্টগোলের সৃষ্টি হয় এবং ক্ষমতাসীন বিজেপি জোটের সংসদ সদস্যরা তাৎক্ষণিক তীব্র প্রতিবাদ জানান। সরকারের পক্ষ থেকে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু রাহুল গান্ধীর এই অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়ে তাকে সংসদে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।

তথ্যসূত্র: দ্যা হিন্দু

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222