মহারাষ্ট্রে ভেসে গেল ৩ হাজার গ্যাস সিলিন্ডার

by Abid vs36

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড় জেলায় টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বটলিং প্ল্যান্ট থেকে প্রায় তিন হাজার সিলিন্ডার ভেসে যাওয়ার ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে পাতালগঙ্গা নদীতে বিপদজনকভাবে হাজারো লাল রঙের গ্যাস সিলিন্ডার ভেসে যেতে দেখা গেছে।

মহারাষ্ট্রের স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেডের (এইচপিসিএল) পাতালগঙ্গা এলপিজি প্ল্যান্টে প্রবল বর্ষণের ফলে সুরক্ষাপ্রাচীর ধসে পড়ে। এতে বানের পানি হু হু করে প্ল্যান্টের ভেতরে ঢুকে পড়ে এবং সেখান থেকে মজুদ থাকা প্রায় ৩,০০০ সিলিন্ডার তীব্র স্রোতে নদীর পানি ও খালাপুর খারপাদা খাঁড়িতে ভেসে যায়।

বিজ্ঞাপন
banner

ঘটনার পরপরই সেতু এবং নদীর তীরবর্তী এলাকা থেকে কৌতুহলী মানুষ এই ভয়াবহ দৃশ্য ক্যামেরাবন্দি করতে শুরু করেন। কিন্তু ভেসে যাওয়া বহু সিলিন্ডারে এখনো উদ্বৃত্ত গ্যাস সংরক্ষিত থাকতে পারে, যা যেকোনো মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনা কিংবা বিস্ফোরণের কারণ হতে পারে বলে তীব্র আশঙ্কা প্রকাশ করছে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস প্রশাসন।

পরিস্থিতির ভয়াবহতা বিচারে রায়গড়ের জেলা প্রশাসক কিশান জাভলে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে কঠোর সতর্কতা ও জরুরি আবেদন জানিয়েছেন। তিনি বলেন, নদী বা আশপাশের নিচু এলাকায় কোনো ভেসে আসা সিলিন্ডার দেখতে পেলে তা কোনোভাবেই ধরা যাবে না এবং দ্রুত প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে হবে। উদ্ধারকৃত সিলিন্ডারসমূহ জমাদানের জন্য এইচপিসিএলের নিকটস্থ কার্যালয়, ডিলার পয়েন্ট এবং সংশ্লিষ্ট তহসিল অফিসে বিশেষ কেন্দ্র খোলা হয়েছে।

জেলা প্রশাসক আরও যুক্ত করে জানান, ভেসে যাওয়া এসব সিলিন্ডার বাড়িতে নিয়ে যাওয়া বা ব্যক্তিগত কাজে ব্যবহারের চেষ্টা করা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। এদিকে গত এক সপ্তাহ ধরে মহারাষ্ট্র জুড়ে চলমান অতিবর্ষণে প্রধান নদীগুলোর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যাকবলিত রায়গড় জেলায় পরিস্থিতি মোকাবিলায় উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222