দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই অভিনন্দন জানান।
নেতৃবৃন্দ বলেন, দেশের এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব গ্রহণে আমরা তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আমরা আশা করি, তিনি রাষ্ট্রপতির সাংবিধানিক মর্যাদা ও দায়িত্ব যথাযথভাবে পালন করে দেশ, জাতি ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
নেতৃবৃন্দ বলেন, বর্তমান সময়ে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা,আইনের শাসন, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরপেক্ষতা, প্রজ্ঞা ও দায়িত্বশীলতার সঙ্গে রাষ্ট্রের অভিভাবকসুলভ ভূমিকা পালন করবেন—এটাই দেশবাসীর প্রত্যাশা।
তাঁরা আরও বলেন, আমরা আশা করি, তিনি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং সকল নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সংবিধানসম্মত ভূমিকা পালন করবেন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে তাঁর দায়িত্বশীল ভূমিকার জন্য সর্বাত্মক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করা হয়।
