নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলনের নেতাকে কুপিয়ে হত্যার তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। একই সঙ্গে দেশজুড়ে ক্রমবর্ধমান সন্ত্রাস ও চাঁদাবাজির ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে তিনি বলেছেন, প্রশাসনের উদাসীনতার কারণেই এ ধরনের অপরাধ বন্ধ হচ্ছে না।
শুক্রবার (২১ আগস্ট) পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পীর সাহেব চরমোনাই অভিযোগ করে বলেন, নারায়ণগঞ্জের বন্দর থানা ইসলামী যুব আন্দোলনের সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম বুলবুলকে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী শেখ সিফাত ও তার দলবল কুপিয়ে হত্যা করেছে। সিফাতের বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাস, চাঁদাবাজির অভিযোগ ও একাধিক মামলা থাকা সত্ত্বেও প্রশাসন আগে থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। প্রশাসনের এই নিষ্ক্রিয়তার জন্যই একজন যুবনেতাকে প্রাণ দিতে হয়েছে।
তিনি আরও বলেন, আসামীদের গ্রেফতার করা হলেও তারা আইনের উপযুক্ত শাস্তি পাবে কি না, সে বিষয়ে দল ও সাধারণ মানুষ তীব্র সংশয়ে রয়েছে। সরকারকে সতর্ক করে তিনি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় কঠোর ভূমিকা নিতে হবে। আইনের ফাঁকফোকর দিয়ে যদি অপরাধীরা পার পেয়ে যায় বা কোনো শিথিলতা দেখানো হয়, তবে সারা দেশে ক্ষোভের দাবানল ছড়িয়ে পড়বে।
দলীয় কার্যালয়ে আয়োজিত এই সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম-মহাসচিব প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলমসহ কেন্দ্রীয় ও বিভিন্ন বিভাগীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
