নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় কিশোর গ্যাং লিডার ‘সিফাত বাহিনী’র প্রধান শেখ সিফাতসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, সিফাত ছাড়াও তার বাহিনীর অন্যতম সদস্য হোয়াইট জুম্মনকে গ্রেপ্তার করা হয়েছে। আটকদের মধ্যে তিনজন নারীও রয়েছেন। তবে বাকিদের নাম-পরিচয় বিস্তারিত জানায়নি পুলিশ।
এর আগে, বৃহস্পতিবার রাতে বন্দরের ২১ নং ওয়ার্ডের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদকে (৪০) কুপিয়ে হত্যা করে কিশোর গ্যাং।
নিহত বুলবুল আহমেদ শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে।
নিহত বুলবুল ইসলামী যুব আন্দোলনের বন্দর থানা (পশ্চিম) শাখার যুগ্ম সম্পাদক জানিয়ে ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগরের সহসভাপতি মুফতি মাছুম বিল্লাহ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বুলবুলের গ্যারেজে হামলা ও লুটপাটের ঘটনা ঘটায় সিফাত বাহিনী। ওই ঘটনায় পরে বুলবুল স্থানীয় ‘কিশোর গ্যাং লিডার’ শেখ সিফাত ও তার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মামলা করেন।। এই মামলার জেরেই সালেহনগর এলাকায় সিফাত ও তার বাহিনীর সদস্যরা বুলবুলকে খুন করে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে সালেহ নগর এলাকায় রাস্তায় একা পেয়ে শেখ সিফাত গ্রুপের সদস্যরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে বুলবুলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে বুলবুল হত্যার প্রতিবাদে আজ সকাল নয়টার দিকে বন্দরের মদনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে সংগঠনটির নেতাকর্মীরা। এতে মহসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে বলে জানান কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ।
পরে এদিন দেড় ঘণ্টা অবরোধের পর বেলা পৌনে ১১ টার দিকে তারা অবরোধ তুলে নেন বলে উল্লেখ করেন পুলিশ কর্মকর্তা।
নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
আজ শুক্রবার সকাল ৯টায় বন্দরের মদনপুর এলাকায় মহাসড়ক অবরোধ করেন তাঁরা।
অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ।
শামীম শেখ বলেন, হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভকারীরা মহাসড়কে টায়ার ও বাঁশ-কাঠে আগুন দিয়ে অবরোধ করেছেন। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় হামলার শিকার হন বুলবুল আহমেদ। পরে তিনি নিহত হন। তাঁর বয়স ৩৫ বছর। তিনি শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে।
বন্দর এলাকার এই অংশটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন। বুলবুল আহমেদ ইসলামী যুব আন্দোলনের বন্দর থানা (পশ্চিম) শাখার যুগ্ম সম্পাদক ছিলেন।
হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হত্যার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে সংগঠনটির নেতা-কর্মীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
