জুলাই যোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে এনসিপি বয়কটের স্লোগান

by Abid vs36

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান চলাকালে গাইবান্ধা জেলা ইনডোর স্টেডিয়ামে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) বয়কটের স্লোগানকে কেন্দ্র করে জুলাই যোদ্ধা ও এনসিপি সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা, ধাক্কাধাক্কি এবং হাতাহাতির ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বুধবার (৫ আগস্ট) দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা ইনডোর স্টেডিয়ামে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ২৫২টি পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট ও উন্নত জাতের একটি করে আমগাছের চারা বিতরণের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু। এ ছাড়া জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, পুলিশ সুপার মো. জসিম উদ্দিনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
banner

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, অনুষ্ঠান চলাকালীন এনসিপির গাইবান্ধা জেলা আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি স্টেডিয়ামে প্রবেশ করলে সেখানে উপস্থিত কয়েকজন জুলাই যোদ্ধা ফ্যাসিবাদবিরোধী স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে জুলাই যোদ্ধা শরিফুল ইসলাম আকাশ ‘এনসিপি বয়কট’ স্লোগান দিলে অন্যান্যরাও তাতে যোগ দেন। এতে এনসিপির নেতাকর্মীরা তীব্র আপত্তি জানালে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে শুরু হয় ধাক্কাধাক্কি ও হাতাহাতি। পরে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি শান্ত করে অনুষ্ঠান স্বাভাবিক রাখে।

জানা গেছে, এনসিপির জেলা আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি অতীতে জাসদের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ছিলেন এবং দলটির ‘মশাল’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) তিনি যুক্ত হন। এই বিষয়টিকেই কেন্দ্র করে মূলত ক্ষোভের সৃষ্টি হয়। স্লোগান দেওয়া জুলাই যোদ্ধা শরিফুল ইসলাম আকাশ বলেন, ‘জুলাই যোদ্ধাদের অসম্মান করা হলে আমরা চুপ থাকব না, প্রতিবাদের অংশ হিসেবেই এই স্লোগান দেওয়া হয়েছে।’ অন্যদিকে এনসিপির জেলা আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি বলেন, যারা এই স্লোগান দিয়েছে তারা ক্ষোভ বা অভিমান থেকে এটি করতে পারে, এবং গণতান্ত্রিক রাষ্ট্রে সবার মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222