বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নরসিংদীতে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি নরসিংদী জেলা পরিষদের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠান শেষে উপস্থিত প্রতিটি শহীদ পরিবারের হাতে সম্মাননা উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
বুধবার (৫ আগস্ট) সকালে নরসিংদী শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে এবং শিক্ষক মোতাহার হোসেন অনিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, নরসিংদী জেলা পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক এবং জেলা সিভিল সার্জন ডা. মো. বুলবুল কবীর।
প্রধান অতিথির বক্তব্যে খায়রুল কবির খোকন বলেন, “একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নানামুখী প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তাদের এই অপচেষ্টা যেন কোনোভাবেই সফল হতে না পারে, সে বিষয়ে আমাদের সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।” সাধারণ মানুষের সুবিধা-অসুবিধা শুনতে তিনি সপ্তাহে অন্তত দুই দিন পূর্ণ সময় বরাদ্দ রাখেন বলেও জানান।
নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল বলেন, বিগত দিনে ‘আমরা বিএনপি পরিবার’-এর মাধ্যমে জুলাই যোদ্ধাদের পাশে তারা ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। রাষ্ট্রের পক্ষ থেকে তাদের সকল সুযোগ-সুবিধা ও মর্যাদা নিশ্চিত করা হবে এবং জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের তদারকি করতে নরসিংদী জেলার সকল সংসদ সদস্যরা মিলে একটি বিশেষ কমিটি গঠন করে খোঁজখবর নেবেন।
নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী বিগত স্বৈরাচারী শাসনের সময়কার স্মৃতিচারণ করে বলেন, সেই সময়ে নেতাদের আতঙ্কে দিন কাটাতে হয়েছে এবং নিজ ঘরে ঘুমানোর সুযোগ না পেয়ে গরুর গোয়ালঘরে রাত কাটাতে হয়েছে। আজ সাধারণ জনগণ ও জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়েই সবাই স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছেন। প্রতিটি শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধার প্রতি পূর্ণ দৃষ্টি ও দায়বদ্ধতা থাকার কথা জানান তিনি।
আইনশৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা বিষয়ে নরসিংদী জেলা পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সন্তানেরা কোথায় যাচ্ছে এবং কী করছে—প্রতিটি অভিভাবককে সেদিকে কড়া নজর রাখতে হবে। পাশাপাশি চুরি ও ছিনতাই রোধে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করার ওপরও জোর দেন তিনি। জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের কল্যাণ ও সহযোগিতায় যা যা প্রয়োজন, তা সম্মানিত সংসদ সদস্যগণের সার্বিক সহযোগিতায় বাস্তবায়িত করা হবে।
আলোচনা সভা শেষে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা উপহার তুলে দেন অতিথিবৃন্দ। পরবর্তীতে বিকেলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নরসিংদী জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াহাব রাশেদের সভাপতিত্বে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে চেক বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
টিএইচএ/
