সম্পত্তি হস্তান্তর সংশোধনী বিল-২০২৬ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে খেলাফত মজলিস। দলটির মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের অভিযোগ করেছেন, এই বিলে ইসলামি শরিয়াহকে অবজ্ঞা করা হয়েছে।
শুক্রবার বাদ জুমআ রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগরী আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আহমদ আব্দুল কাদের বলেন, যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনের ক্ষেত্রে ইসলামি মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে। আইন মূলত মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যম। বিশেষ করে মুসলমানদের সম্পত্তি হস্তান্তর, হেবা ও উত্তরাধিকারের মতো স্পর্শকাতর বিষয়ে ইসলামি শরিয়াহর বিধান উপেক্ষা করে কোনো আইন প্রণয়ন করা হলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এ সমাজে অস্থিরতা সৃষ্টি হতে পারে।
তিনি অভিযোগ করেন, সরকার তড়িঘড়ি করে সংসদে সংশোধনী বিলটি পাস করিয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। আইনমন্ত্রী কাদেরকে খুশি করতে এই বিল দ্রুত পাসের উদ্যোগ নিয়েছেন, তারও জবাব দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
খেলাফত মজলিস মহাসচিব বলেন, ‘আমরা সরকারের কাছে দাবি জানাই, অবিলম্বে এই বিতর্কিত আইন প্রত্যাহার করুন। মানুষের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন করুন। শরিয়া বিশেষজ্ঞ ও আলেম-উলামাদের সঙ্গে অধিকতর পর্যালোচনা এবং প্রকাশ্য মতামত গ্রহণ করুন।’
সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক। এতে বক্তব্য দেন দলের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম এবং ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকারসহ অনেকে।
