সাজেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ

by Abid vs36

 রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬ নম্বর দুর্গম সাজেক ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার সকালে বাঘাইহাট ব্যাটালিয়নের উদ্যোগে নিজস্ব প্রশিক্ষণ মাঠে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার অর্ধশতাধিক পরিবারের হাতে বিজিবির পক্ষ থেকে খাদ্য ও জরুরি সামগ্রী তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন
banner

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্গতদের হাতে সহায়তা সামগ্রী তুলে দেন ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক ও জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী। এ সময় প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ লিটার ভোজ্যতেল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ৫০০ গ্রাম গুড় ও ১ কেজি চিড়াসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও সংকটে সাধারণ মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে আসছে। দুর্গম পাহাড়ি এলাকার এই মানবিক ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন। ত্রাণ বিতরণ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন হাসান ইমাম, সহকারী পরিচালক ওমর ফারুকসহ বিজিবি ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222