নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মানবজাতির কল্যাণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পবিত্র কোরআনের পবিত্র বাণী অনুসরণ করে প্রাকৃতিক পরিবেশ এবং সব সৃষ্টির সঠিক যত্ন ও পরিচর্যা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র) ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬’ এবং ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইকোসিস্টেমের (বাস্তুতন্ত্র) সঙ্গে মানবসমাজের সম্পর্ককে গভীর ও অবিচ্ছেদ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী পবিত্র কোরআনের সূরা আল-বাকারার ২৯ নম্বর আয়াতের একাংশ উদ্ধৃত করেন। তিনি বলেন, “পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে এরশাদ করেছেন—‘তিনিই সেই সত্তা, যিনি পৃথিবীতে যা কিছু আছে, তার সবই তোমাদের (মানবজাতির) ব্যবহারের জন্য সৃষ্টি করেছেন।’”
আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের চারপাশের নদী-নালা, তরুলতা, পশু-পাখি, বন্য প্রাণী থেকে শুরু করে কীট-পতঙ্গ পর্যন্ত সব সৃষ্টিই মূলত মানুষের কল্যাণ ও উপকারের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। তবে সৃষ্টি থেকে যদি আমরা অব্যাহত সুফল ভোগ করতে চাই, তবে দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে মানবজাতিরও কিছু মৌলিক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। নিয়মতান্ত্রিক উপায়ে পরিবেশের রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা করা প্রতিটি নাগরিকের ঈমানি ও নাগরিক দায়িত্ব।”
আধুনিক বিজ্ঞানের অর্জনের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান আরো বলেন, “বিজ্ঞান আজ প্রমাণ করেছে যে ইকোসিস্টেমের টিকে থাকা এবং বিকাশ লাভ করার ওপর মানবজাতির অস্তিত্ব ও নিরাপদ বিকাশ ওতপ্রোতভাবে জড়িত। প্রতিবেশ ব্যবস্থার সঠিক বিকাশ না ঘটলে পরিবেশের ভারসাম্য যেমন বিনষ্ট হয়, তেমনি মানব সভ্যতাও চরম হুমকির মুখোমুখি পড়ে।”
উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ সুরক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে জাতীয় পরিবেশ পদক এবং জাতীয় বৃক্ষরোপণ পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, সচিবসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, গবেষক এবং বিভিন্ন সামাজিক-পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
টিএইচএ/
