সৌদিতে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার শঙ্কা, রেড অ্যালার্ট

by hsnalmahmud@gmail.com

আন্তর্জাতিক ডেস্ক::সৌদি আরবের বেশ কয়েকটি অঞ্চলে ভারী বজ্রবৃষ্টি, আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও প্রবল বাতাসের আশঙ্কায় ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।

একই সঙ্গে দেশের কিছু এলাকায় তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর মিটিওরোলজি (এনসিএম)। খবর গালফ নিউজের।

বিজ্ঞাপন
banner

শুক্রবার (২৮ আগস্ট) এনসিএমের দৈনিক আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, জাজান, আসির, আল বাহা, মক্কা ও মদিনার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি হতে পারে। এতে আকস্মিক বন্যার পাশাপাশি শিলাবৃষ্টি ও বালুঝড়েরও আশঙ্কা রয়েছে।

মক্কা অঞ্চলের তায়েফ, আল কামিল, আদহাম ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

এ ছাড়া মদিনা অঞ্চলের আল আইস, আল মাহদ, বদর ও আশপাশের এলাকায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়ে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে।

অন্যদিকে রাবিগ, জেদ্দা, আল খুরমাহ ও মক্কার পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টি ও ধুলিঝড়ের সম্ভাবনায় ‘ইয়েলো অ্যালার্ট’ জারি করা হয়েছে।

এনসিএম জানিয়েছে, নর্দার্ন বর্ডারস, জাজান, ইস্টার্ন প্রভিন্স এবং রিয়াদ অঞ্চলের দক্ষিণাংশেও দমকা হাওয়াসহ ভারী বৃষ্টি হতে পারে। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকায় রাতের শেষভাগ থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশা পড়তে পারে। এতে দৃষ্টিসীমা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার পাশাপাশি দেশটির অধিকাংশ এলাকায় তাপমাত্রাও থাকবে বেশ চড়া। মদিনায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। দাম্মামে ৪৬ ডিগ্রি এবং রিয়াদ ও বুরাইদাহতে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এনসিএম।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222