এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি:
দীর্ঘ ১৩ বছর পর জামালপুরে রিকশা চালক মজনু মিয়া অপহরণ মামলায় আদালত দুই জনকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে এ রায় দেন জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম। সাজাপ্রাপ্তরা হলেন দিনাজপুর জেলার বীরগঞ্জের দিস্তাপাড়া গ্রামের সেলিম ইসলাম এবং ইসলামপুর উপজেলার চন্দনপুর গ্রামের সোহেল।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০১২ সালের ১২ জুন মজনু মিয়া ইসলামপুরের বাড়ি থেকে রিকশা নিয়ে বের হয়ে আর ফিরে আসেননি। পরে খোঁজাখুঁজি চলাকালীন অপরিচিত নাম্বার থেকে ফোন করে তার পিতাকে জানানো হয় যে ছেলে অপহরণ হয়েছে এবং মুক্তিপন হিসেবে ৫০ হাজার টাকা দাবি করা হয়। এ ঘটনায় ১৭ জুন মজনু মিয়ার বাবা খালেক মিয়া বাদী হয়ে ইসলামপুর থানায় অজ্ঞাতনামাদের আসামী করে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত করে আসামি সেলিম ইসলাম ও সোহেলের জড়িত থাকার সত্যতা পেয়ে তাদের বিরুদ্ধে চূড়ান্ত অভিযোগপত্র দাখিল করেন।
সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং প্রাসঙ্গিক নথি পর্যালোচনা করে সেলিম ইসলামের উপস্থিতিতে আদালত এই রায় দেন বলে জানিয়েছেন আইনজীবী মো. ফজলুল হক। অপর সাজাপ্রাপ্ত আসামী সোহেল মিয়া পলাতক রয়েছেন।
এমএআর/
