৬ ঘণ্টায় ৮২ মিলিমিটার বৃষ্টি, যাত্রাবাড়ী বড় মাদরাসা পানিবন্দি

by Abid vs36

বিশেষ প্রতিবেদন: ভোর ৫টা থেকে শুরু হওয়া ঝুম বৃষ্টিতে কার্যত স্থবির হয়ে পড়েছে রাজধানী ঢাকার জনজীবন। টানা এই বর্ষণে রাজধানীর প্রধান সড়ক, অলিগলি ও ফুটপাত তলিয়ে গেছে। রোববার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা ৬ ঘণ্টায় ঢাকায় ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। তবে এই বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন যাত্রাবাড়ী এলাকার মানুষ, বিশেষ করে যাত্রাবাড়ী বড় মাদরাসার হাজারো শিক্ষার্থী।

সরেজমিনে দেখা যায়, যাত্রাবাড়ীর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া (যাত্রাবাড়ী বড় মাদরাসা) চত্বরে থৈ থৈ করছে পানি। মূল সড়ক থেকে মাদরাসাটি অপেক্ষাকৃত নিচু স্থানে হওয়ায় বৃষ্টির পানির সাথে খালের ময়লা পানি প্রবেশ করেছে ভেতরে। এতে মাদরাসার প্রায় ৫ হাজার ছাত্র পানিবন্দি হয়ে পড়েছেন। নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি মাড়িয়েই তাদের মসজিদে ও দৈনন্দিন কাজে যেতে হচ্ছে। দীর্ঘদিন ধরে চলা এই মানবিক সংকট সমাধানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দ্রুত হস্তক্ষেপ চেয়েছেন মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন
banner

এই সমস্যা নিরসনে সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলম যাত্রাবাড়ী কুতুবখালীর মাদরাসা রোড এলাকা পরিদর্শনে এসেছিলেন। সে সময় তিনি দ্রুত খাল উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দিলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যায়নি। খালের দুপাশে ৮ ফুট নেটিং করার কথা থাকলেও তার কোনো কাজই শুরু হয়নি। খালের ময়লা যত্রতত্র ভাসছে এবং বৃষ্টির পানিতে মিশে তা প্রবেশ করছে লোকালয়ে।

যাত্রাবাড়ী কুতুবখালি মাদরাসা রোডের আশপাশের জনবসতির চিত্র আরও করুণ। তীব্র জলাবদ্ধতায় সেখানে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। সুপেয় পানির অভাবে কষ্টে আছেন স্থানীয়রা। নোংরা পানির কারণে শিশু ও নারীদের মধ্যে পানিবাহিত রোগের ঝুঁকি মারাত্মক ভাবে বাড়ছে।

এদিকে, জলাবদ্ধতার কারণে পথে বের হওয়া কর্মজীবী মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। অনেকেই সময়মতো অফিসে পৌঁছাতে পারেননি। ব্যবসায়ীদের অবস্থাও শোচনীয়। যাত্রাবাড়ী আড়ৎ থেকে শুরু করে চৌরাস্তার অস্থায়ী সকাল থেকে বৃষ্টি থাকায় ক্রেতা সংকটে পড়েছেন। দোকানের সামনে পানি জমে থাকায় কাঁচা মাল নিয়ে চিন্তিত তারা।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজও ঢাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে। ফলে যাত্রাবাড়ীসহ রাজধানীর নিচু এলাকাগুলোতে এই জলাবদ্ধতা ও জনদুর্ভোগ আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222