ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব। জাতিসংঘে অনুষ্ঠিত দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধান বাস্তবায়নের ওপর একটি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে একথা জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান।
মঙ্গলবার (২৯ জুলাই) ডেইলি জং সূত্রে জানা গেছে, জাতিসংঘে ‘ফিলিস্তিন প্রশ্নের শান্তিপূর্ণ সমাধান ও দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধান বাস্তবায়ন’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। দুই দিনের এ সম্মেলন যৌথভাবে আয়োজন করে সৌদি আরব ও ফ্রান্স।
সম্মেলনের পর নিউইয়র্কে ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর জিন-নোয়েল ব্যারোটের সাথে এক সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধানের প্রতি রিয়াদের স্পষ্ট অবস্থানের ইঙ্গিত দেন।
তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত এবং যুদ্ধ বন্ধ না হলে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাভাবিক করবে না রিয়াদ।
পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল জোর দিয়ে বলেন, গাজায় ইসরাইলের গণহত্যা অব্যাহত থাকলে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ নিয়ে আলোচনা করা যাবে না।
তিনি বলেন, কারণ গাজায় যখন ক্রমাগত মৃত্যু, দুর্ভোগ এবং ধ্বংসযজ্ঞ চলছে তখন স্বাভাবিকীকরণের বিষয়ে আলোচনা করার কোন প্রশ্নই ওঠে না।
এর আগে, সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে যুবরাজ ফয়সাল ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ফ্রান্সের সিদ্ধান্ত স্বাগত জানান।
তিনি বলেন, এই পদক্ষেপ ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার আদায়ের প্রতি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পদক্ষেপের প্রতিফলন।
সূত্র: ডেইলি জং।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
