জামালপুরে ১০ হাজার টাকার বিনিময়ে অটোচালক হত্যা, ১২ ঘন্টার মধ্যে মুল অভিযুক্ত সহ গ্রেপ্তার- ৬

by Abid vs36

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি): জামালপুরে অটোরিকশা চালক নায়েব আলীকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ একটি লাগেজে ভরে ধানক্ষেতে ফেলে রাখার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর ক্লু-লেস ক্লু উদঘাটন করেছে পুলিশ। মাত্র ১০ হাজার টাকার জন্যে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার মূল পরিকল্পনাকারী ও প্রধান অভিযুক্তসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বুধবার (২৪ জুন) বিকেলে জামালপুর জেলা পিবিআই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

গ্রেপ্তারকৃতরা হলেন, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান অভিযুক্ত মোঃ নাহিদুল ইসলাম (৩০), চোরাই অটোরিকশার যন্ত্রাংশ কেনা ও পরিবহনে জড়িত মোঃ সোলাইমান কবির (৫০), মোঃ শফিকুল ইসলাম (৪১), মোঃ আব্দুল কাদের (৫৬), মোঃ রাসেল হোসেন (৩৪) এবং সাগর পাশা (২৬)। পিবিআই জানায়, নিহত অটোরিকশা চালক নায়েব আলী মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কাজাইকাটা এলাকার মৃত হোসেন আলী মন্ডলের ছেলে।

গত ২৩ জুন মঙ্গলবার ভোরে ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ডেফলা ব্রিজ থেকে বেনুয়ারচর বাজারগামী সড়কের পাশে একটি পানিভর্তি ধানক্ষেতে ফেলে রাখা বড় লাগেজের ভেতর থেকে অজ্ঞাত হিসেবে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে তার পরনের পোশাক ও কোমরে থাকা তাবিজ দেখে মরদেহটি নায়েব আলীর বলে শনাক্ত করেন তার স্বজনরা। এই ঘটনায় হত্যা, আলামত গোপন এবং চুরির অভিযোগে ইসলামপুর থানায় একটি মামলা দায়ের করেন নিহতের ছেলে মোঃ মামুন ইসলাম (মমিন)। পরে মামলার গুরুত্ব বিবেচনায় পিবিআই জামালপুর জেলা তদন্তের দায়িত্ব গ্রহণ করে।

মামলার বিবরণ ও পিবিআইয়ের তদন্তে জানা যায়, নায়েব আলী প্রতিদিনের মতো গত ২১ জুন ভোরে যাত্রী পরিবহনের জন্য অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজের সংবাদ প্রচার করেন। পিবিআই জামালপুরের একটি চৌকস দল বুধবার ভোরে মূল অভিযুক্ত নাহিদুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদুল স্বীকার করেন যে, তার জরুরি ভিত্তিতে ১০ হাজার টাকার প্রয়োজন ছিল। এই টাকার সংস্থান করতেই তিনি সহযোগীদের নিয়ে অটোরিকশা চুরির পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী তারা নায়েব আলীকে হত্যা করে মরদেহ লাগেজে ভরে নির্জন ধানক্ষেতে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান।

পিবিআই আরও জানিয়েছে, আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত জিআই তার, নিহতের ব্যবহৃত মোবাইল ফোন এবং ছিনতাই হওয়া অটোরিকশার ভেঙে ফেলা বিভিন্ন যন্ত্রাংশ (চারটি ব্যাটারি, একটি কন্ট্রোলার, তিনটি চাকা ও মোটর ডিফারেনশিয়াল) উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত অন্য ৫ আসামির বিরুদ্ধে চোরাই মালামাল কেনাবেচা ও পরিবহনে প্রত্যক্ষ সহযোগিতার অভিযোগ রয়েছে। তারা পেশাদার চোরাই চক্রের সদস্য বলেও জানা গেছে। গ্রেপ্তারের পর আসামিদের আদালতে হাজির করা হলে মূল অভিযুক্ত নাহিদুল ইসলাম স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পিবিআই জামালপুরের পুলিশ সুপার পংকজ দত্ত বলেন, আধুনিক তথ্যপ্রযুক্তি ও মাঠপর্যায়ের নিখুঁত অনুসন্ধানের মাধ্যমে অত্যন্ত দ্রুততম সময়ে এই ক্লু-লেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে এবং এই চক্রের সাথে জড়িত অন্য অপরাধীদের ধরতেও অভিযান অব্যাহত আছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222